প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির সাবেক নির্বাচনী প্রার্থী জ্যাক রসের সদস্যপদ স্থগিত করা হয়েছে। ভাড়াটে খুনি দিয়ে হামলা ও হত্যা করার বিষয়ে আলোচনা এবং এ কাজে উগ্রডানপন্থি এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলজাজিরার গোপন অনুসন্ধানী প্রামাণ্যচিত্রে রসের কথোপকথন প্রকাশিত হওয়ার পর দলটি এই পদক্ষেপ গ্রহণ করে। স্কটল্যান্ডের পুলিশও প্রামাণ্যচিত্রটি পর্যালোচনা করে সম্ভাব্য অপরাধের বিষয়টি খতিয়ে দেখছে। তবে রস অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ছদ্মবেশী সাংবাদিকের সঙ্গে তাঁর কথাগুলো গুরুত্ব সহকারে বলা হয়নি।
আলজাজিরার অনুসন্ধানী প্রামাণ্যচিত্রটির নাম ‘কন্ট্রাক্ট কিলারস অ্যান্ড দ্য ফার রাইট’। ২০২১ সালে এই অনুসন্ধান শুরু হয়। ওই সময় সংবাদমাধ্যমটির এক ছদ্মবেশী সাংবাদিক যুক্তরাষ্ট্রের ডানপন্থি সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসএর (টিপিইউএসএ) স্বতন্ত্র সহযোগী সংগঠন টার্নিং পয়েন্ট ইউকে (টিপিইউকে)-তে যোগ দেন। সংগঠনটির প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক রস ২০২৩ সালে কনজারভেটিভ পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
আলজাজিরার অনুসন্ধানে উল্লেখ করা হয়, রস ওই ছদ্মবেশী সাংবাদিকের সঙ্গে স্কটল্যান্ডের গ্লাসগোর বাসিন্দা অ্যালান নেসবিটের পরিচয় করিয়ে দেন। নেসবিটের বিরুদ্ধে একাধিক সহিংস অপরাধের রেকর্ড রয়েছে এবং তাঁর সঙ্গে উত্তর আয়ারল্যান্ডের নিষিদ্ধ আধাসামরিক সংগঠন আলস্টার ভলান্টিয়ার ফোর্সের (ইউভিএফ) সংশ্লিষ্টতার কথাও উঠে এসেছে।
গোপনে ধারণ করা কথোপকথনে রস বলেন, নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে নেসবিট ও তাঁর পরিচিত ব্যক্তিরা মারধর, ধারালো অস্ত্র দিয়ে আঘাত, ছুরিকাঘাত, গুলি এমনকি হত্যার ব্যবস্থা করতে পারেন। ছদ্মবেশী সাংবাদিকের কাল্পনিক ব্যবসায়িক বিরোধের কথা শুনে রস তাঁকে নেসবিটের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার প্রস্তাব দেন। এ ক্ষেত্রে নিজের সংশ্লিষ্টতা গোপন রাখার বিষয়েও তাঁকে কথা বলতে শোনা যায়।
আলজাজিরার অনুসন্ধানে আরও বলা হয়, জিম্বাবুয়ের ওপর থেকে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে জনসমর্থন দেখাতে একটি সাজানো রাজনৈতিক সমাবেশ আয়োজনের জন্য নেসবিটকে কয়েক হাজার পাউন্ড দেওয়ার বিষয়ে রসের আলোচনা হয়। এ ঘটনায় রাজনৈতিক কর্মকাণ্ডের আড়ালে অপরাধী চক্রের সঙ্গে যোগাযোগের অভিযোগও সামনে এসেছে।
আলজাজিরার প্রতিবেদনে যুক্তরাজ্যের উগ্রডানপন্থি আন্দোলনের সঙ্গে আধাসামরিক সংগঠনের যোগাযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সাবেক জাতীয় অপরাধ সংস্থার উপপরিচালক রয় ম্যাককম্বের মতে, অপরাধী ও সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে উগ্রডানপন্থি আন্দোলনের যোগাযোগ জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে কনজারভেটিভ পার্টির এক মুখপাত্র জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জ্যাক রসের সদস্যপদ অবিলম্বে স্থগিত থাকবে। তদন্ত চলমান থাকায় এ বিষয়ে দলটি আর মন্তব্য করতে চায়নি।
স্কটল্যান্ডের পুলিশ জানিয়েছে, আলজাজিরার প্রামাণ্যচিত্রটি পর্যালোচনা করে কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা মূল্যায়ন করা হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অপরাধে রসের দোষ প্রমাণিত হয়েছে—এমন তথ্য পাওয়া যায়নি।
টার্নিং পয়েন্ট ইউকের সঙ্গে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির কয়েকজন জ্যেষ্ঠ নেতা এবং রিফর্ম ইউকের নেতাদের যোগাযোগ রয়েছে বলে আলজাজিরার অনুসন্ধানে উল্লেখ করা হয়েছে। সংগঠনটি সাম্প্রতিক সময়ে অভিবাসনবিরোধী কর্মসূচিতেও সক্রিয় হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন