প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জনপ্রিয় সংগীতশিল্পী কনক চাঁপার জন্মদিন আজ ১১ সেপ্টেম্বর। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী ৫৬ বছর পেরিয়ে ৫৭ বছরে পা দিয়েছেন। তবে এবারের জন্মদিন উপলক্ষে তিনি নিজের পক্ষ থেকে বিশেষ কোনো আয়োজনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন।
সম্প্রতি ইতালি, সুইডেন ও লন্ডনে ধারাবাহিক মঞ্চ পরিবেশনা শেষে দেশে ফিরেছেন কনক চাঁপা। বিদেশের ব্যস্ততা শেষ করে জন্মদিনটি তিনি দেশের মাটিতেই কাটাতে চান। পরিবারের সদস্য ও ভক্তদের ভালোবাসাই তার জন্য দিনটিকে বিশেষ করে তুলবে বলে মনে করেন এই শিল্পী।
জন্মদিনের আয়োজন সম্পর্কে কনক চাঁপা জানান, পূর্বে তার মেয়ে জন্মদিনের জন্য বিভিন্ন পরিকল্পনা করতেন। বর্তমানে মেয়ে দেশের বাইরে থাকায় সে সুযোগ আর নেই। ছেলে কিছুটা লাজুক স্বভাবের হলেও পুত্রবধূ রান্নাবান্নার মাধ্যমে পরিবারের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি করেন। তবে শিল্পীর নিজস্ব ইচ্ছা, অনেকটা নীরবভাবেই যেন জন্মদিনটি কাটে।
ভক্তদের ভালোবাসার কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন কনক চাঁপা। তিনি বলেন, "কিছু ভক্ত তাকে না জানিয়েই জন্মদিনে চমক দেওয়ার চেষ্টা করেন।" তাই এবারের জন্মদিনেও এমন কোনো আয়োজন হতে পারে বলে তিনি মনে করছেন।
বয়স নিয়ে কোনো আক্ষেপ নেই এই শিল্পীর। ৫৭ বছরে পা রাখাকে তিনি জীবনের স্বাভাবিক নিয়ম হিসেবেই দেখছেন। একই সঙ্গে ১১ সেপ্টেম্বর তারিখটিও তার কাছে বিশেষ প্রিয় বলে জানিয়েছেন। তিনি সবার কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন।
এদিকে আপাতত নতুন কোনো গান প্রকাশের পরিকল্পনা নেই কনক চাঁপার। নিয়মিত গান প্রকাশের সময় বদলালেও সংগীত থেকে দূরে সরে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই। নব্বইয়ের দশকে চলচ্চিত্রের গানে শক্ত অবস্থান তৈরি করা এই শিল্পী দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। পাশাপাশি দেশ-বিদেশে নিয়মিত মঞ্চ পরিবেশনও করে যাচ্ছেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন