প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতে অভ্যন্তরীণ চাহিদার বৃদ্ধির কারণে নতুন ব্যবসার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এর ফলস্বরূপ, দেশটির সেবা খাতের প্রবৃদ্ধি অক্টোবরে গত চার মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তবে বিদেশি অর্ডার কমে যাওয়ার কারণে নতুন কর্মী নিয়োগের গতি কিছুটা ধীর হয়েছে। বুধবার প্রকাশিত একটি জরিপে এই তথ্য প্রকাশিত হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এইচএসবিসির প্রকাশিত ভারতের সেবা খাতের ক্রয় ব্যবস্থাপক সূচক (পিএমআই) অনুযায়ী, সেপ্টেম্বরে সূচকের মান ছিল ৫৫ দশমিক ২। অক্টোবরে তা বেড়ে ৫৫ দশমিক ৮ হয়েছে। তবে প্রাথমিক হিসাবে সূচকটি ৫৬ দশমিক ২ হবে বলে ধারণা করা হয়েছিল। পিএমআই সূচকের মান ৫০-এর বেশি হলে প্রবৃদ্ধি এবং ৫০-এর নিচে থাকলে সংকোচন হয়েছে বলে ধরা হয়।
জরিপের ফলাফল অনুযায়ী, নতুন ব্যবসার পরিমাণ জুনের পর অক্টোবরে সবচেয়ে দ্রুত বেড়েছে। এর প্রধান কারণ হিসেবে দেশের ভেতরে অর্ডারের বৃদ্ধি চিহ্নিত করা হয়েছে। তবে বিদেশি বাজারে চাহিদা খুব একটা বাড়েনি। নতুন রপ্তানি অর্ডারের প্রবৃদ্ধি গত ৪৫ মাসের মধ্যে সবচেয়ে কম ছিল। এদিকে, সেবা খাতে নতুন কর্মী নিয়োগের গতিও কমেছে। অক্টোবরে কর্মী নিয়োগের হার ছিল গত জুনের মতোই। গত ১০ মাসের মধ্যে এটিই ছিল সর্বনিম্ন নিয়োগের হার।
অন্যদিকে, পণ্য ও সেবার দাম বাড়ার চাপ কিছুটা কমেছে। গ্রাহকদের কাছ থেকে নেওয়া দাম গত চার মাসের মধ্যে সবচেয়ে কম হারে বেড়েছে। এছাড়া, উৎপাদন ও পরিচালন ব্যয় বৃদ্ধির হার গত ছয় বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
তবে বিদ্যুৎ, শ্রমিক, কাঁচামাল ও পরিবহন খরচ বেড়েছে বলে বিভিন্ন প্রতিষ্ঠান জানিয়েছে। ব্যবসার ভবিষ্যৎ নিয়ে প্রতিষ্ঠানগুলোর আস্থাও সেপ্টেম্বরে তুলনায় কমেছে। এই ক্ষেত্রে সূচকটি দীর্ঘমেয়াদি গড়ের নিচে রয়েছে। ফলে বোঝা যায়, ভবিষ্যৎ ব্যবসা নিয়ে প্রতিষ্ঠানগুলো আশাবাদী থাকলেও সতর্ক রয়েছে।
এদিকে, উৎপাদন ও সেবা—দুই খাতের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া পিএমআই সূচকও বেড়েছে। সেপ্টেম্বরে এই সূচকের মান ছিল ৫৫ দশমিক ৯। অক্টোবরে তা বেড়ে ৫৬ দশমিক ২ হয়েছে। গত চার মাসের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ অবস্থান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন