প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আমিরুল ইসলাম মুন্না। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ১৮তম বিজেএস ছিল তার জন্য পঞ্চম বিজেএস। শারীরিক অসুস্থতা এবং করোনা মহামারির কারণে একাডেমিক লাইফের কাছাকাছি সময়ের দুটি বিজেএস প্রস্তুতি তিনি বাদ দিয়েছিলেন, তবে প্রিলিমিনারিতে আটকে যান। অনার্স-মাস্টার্স সম্পন্ন করার পর ১৬তম বিজেএস ছিল তার প্রস্তুতিসহ প্রথম বিজেএস। প্রিলি-রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আনন্দ পেলেও তিনি শেষ হাসি হাসতে পারেননি। ১৭তম জুডিশিয়ারির লিখিত পরীক্ষাকে তিনি বলেছিলেন তার জীবনের সেরা পরীক্ষা; তথাপি ১৭তম জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত হননি। এসব প্রতিকূলতা অতিক্রম করে ১৮তম বিজেএসে তার সফল যাত্রা শুরু হয়।
শুরুর ঘাত-প্রতিঘাত ও আইনে আসা
জীবনের প্রথম লগ্ন থেকেই বাস্তবতার অনেক প্রতিকূলতা তাকে অতিক্রম করতে হয়েছে। স্কুলে পঞ্চম শ্রেণির পড়াশোনা শেষ করে পারিবারিক অসচ্ছলতার কারণে গ্রামের মাদরাসায় চতুর্থ শ্রেণিতে ভর্তি হতে হয়েছিল তাকে। তার ভাষায়, ‘আমি বলব, পড়াশোনা করতে পেরেছি, তাও অনেক।’ মাদরাসা থেকে দাখিল ও আলিম দুটোতেই তিনি জিপিএ ৫ অর্জন করেন। কলেজে পড়া এক পরিচিত বন্ধুর মন্তব্য ছিল, ‘মাদরাসা থেকে জিপিএ ৫ পাওয়া কলেজ থেকে ৩.০০ পাওয়ার সমান।’ কথাটি গ্রহণ করতে না পারলেও তিনি একটি সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। সিদ্ধান্ত নিয়েছিলেন, কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে বাকি পড়াশোনা চালিয়ে যাবেন, না হলে ইন্টারমিডিয়েটের পর দেশের বাইরে চলে যাবেন। কিন্তু তা আর হলো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়ার স্বপ্ন ছিল, তাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফর্ম পূরণ করেননি। প্রয়োজনে দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও ঢাবিতে পড়বেন—এমন পরিকল্পনা ছিল। এমনকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোচিং করলেও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফর্ম পূরণ করেননি। সেই স্বপ্ন ভঙ্গ হলো ২০১৪-১৫ সেশনের ভর্তি পরীক্ষার পর, যখন তৎকালীন ভিসি ঘোষণা দিলেন—‘এখন থেকে আর দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ থাকছে না।’ নিরুপায় হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে আইন বিভাগে ভর্তি হন।
আইনকে মানবিক বিভাগের ছাত্রদের জন্য সেরা বিষয় হিসেবে ভাবা হতো। মানবিক বিভাগের ছাত্র হিসেবে ‘পড়লে সেরাটাতেই পড়ব’—এই চিন্তা থেকে তিনি আইন পড়তে আসেন। অনার্সের শেষ একটি পরীক্ষা করোনা মহামারির কারণে অনুষ্ঠিত না হওয়ায় দীর্ঘ সময়ের জন্য তার যাত্রা থমকে ছিল। কিছুটা ভীতু হওয়ায় পড়াশোনা না করলে মহামারির পরে বিপদে পড়বেন—এমন চিন্তা করতে সাহস পাননি। অবশেষে লকডাউন শেষ হলে অনার্সের শেষ পরীক্ষাটি দিয়ে মুক্তি পান।
বিচারক হওয়ার স্বপ্ন ও উদ্দেশ্য
আইন পড়ার কারণে তার ইচ্ছা ছিল, বিচারকের আসনে বসবেন এবং পরে নিজেকে উচ্চ আদালতে বিচারপতি হিসেবে দেখতে চান। অথবা আইন পেশায় নিযুক্ত থেকে ইতিহাসে নাম থাকে এমন আইনজীবী হবেন। সেই লক্ষ্যে তিনি অন্য কোনো চাকরির জন্য আবেদন করেননি। আল্লাহ তার মনের আশা একাংশে পূরণ করেছেন, বাকিটাও পূরণ করবেন বলে তিনি আশা করেন।
প্রিলির প্রস্তুতি
প্রস্তুতির ক্ষেত্রে তিনি আলাদা কোনো বই পড়েননি। প্রিলির জন্য বেয়ার অ্যাক্টকে প্রাধান্য দিয়ে এগিয়েছেন। তার মতে, প্রিলির জন্য খুঁটিনাটি-সহ বেয়ার অ্যাক্ট ভালো করে পড়লে যথেষ্ট। কেবল পারিবারিক আইনে কিছু টার্ম, সাংবিধানিক আইনে কিছু ডকট্রিন ও মামলা-সংক্রান্ত তথ্য, অন্যান্য আইনগুলোর ম্যাক্সিম/ডকট্রিন মাথায় রাখতে হবে। বাকি আইনগুলো মোটামুটি একই ধাঁচে পড়লে প্রিলি পাস করা কঠিন কিছু হবে না। আর জেনারেল সাবজেক্টগুলোতে সাধারণ জ্ঞান ছাড়া তিনি অতটা দক্ষ ছিলেন না, তাই এ বিষয়ে সাজেশন দেওয়া সঠিক মনে করেন না।
লিখিত পরীক্ষার প্রস্তুতি
লিখিত পরীক্ষার জন্য পূর্ববর্তী বছরগুলোর আসা প্রশ্নগুলো বিশ্লেষণ করে বেশ কিছু প্যাটার্ন পেয়েছিলেন তিনি। কোন জোন থেকে প্রশ্ন আসে, কোন জোন থেকে বিকল্পভাবে প্রশ্ন আসে, কী ধরনের প্রশ্ন আসে, সাম্প্রতিক সময়গুলোতে প্রশ্নের ধরন বা সিলেকশনে কী পরিবর্তন এসেছে—এই বিষয়গুলো নিয়ে প্রস্তুতি নিয়েছিলেন। নিয়মিত কোর্ট প্র্যাকটিসে থাকার কারণে পরীক্ষার জন্য বেশি সময় দিতে পারতেন না। প্রতি ১০০ মার্কের জন্য তার বাজেট ছিল চার দিন। বড় সাবজেক্ট হলে ১০০ মার্কের জন্য ছয় দিন। পরীক্ষার দুমাস আগে থেকে কোর্ট বন্ধ রাখতেন। ১৭তম জুডিশিয়ারির লিখিত পরীক্ষা ছিল তার জীবনের সেরা পরীক্ষা; তথাপি ১৭তম জুডিশিয়ারির ভাইভায় সুপারিশপ্রাপ্ত হননি।
ভাইভার প্রস্তুতি
ভাইভার প্রস্তুতির ক্ষেত্রে পড়াশোনার প্রস্তুতি আগের মতোই ছিল। তার পড়ার ধরনে একটি ভিন্ন মাত্রা ছিল। পড়ার সময় প্রিলির প্রশ্ন হয়, এমন টপিক বা ধারাকে ‘P’ দিয়ে, লিখিতের বিষয় হলে ‘W’ দিয়ে, ভাইভার বিষয় হলে ‘V’ দিয়ে চিহ্নিত করে রাখতেন। ফলে প্রতিবার রিভিশন দেওয়ার সময় প্রত্যেকটিকে তার জোনের হিসাবে রিভিশন করা হতো। এতে ভাইভার জন্য আলাদা প্রস্তুতির প্রয়োজন হতো না। পড়াশোনার বাইরেও ভাইভার জন্য নিজ জেলা, বিচারক হওয়ার ইচ্ছা, সিদ্ধান্তে অটল থাকার দৃঢ়তা, প্রভাবিত না হওয়ার বিষয়, প্র্যাকটিক্যাল নলেজ—এসব বিষয়ে কিছু ধারণা রাখতে হয়।
জীবনের টার্নিং পয়েন্ট
তার জীবনে একটি টার্নিং পয়েন্ট ছিল। পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত তার রোল নম্বর ৭/৮-এর মধ্যে থাকত। নবম শ্রেণিতে পড়ার সময় এক বন্ধুর একটি কথায় তিনি খুব খারাপ লেগেছিলেন। তখন মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন, তাকে আর ‘রোল ১’-এ থাকতে দেবেন না। এরপর থেকে নিয়মিত পড়াশোনা শুরু করেন, নোট করে এগোতে থাকেন। পরের বছর রোল ১-এ চলে আসেন, একই সঙ্গে পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পুরো প্রতিষ্ঠানের সব শ্রেণির সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেন। সে বছর নিজের আত্মবিশ্বাস ও ডিসিপ্লিনের ওপর এমন একটি শিক্ষা পান, যা আজও তার আত্মবিশ্বাসের উৎস। তিনি বুঝতে পারেন, কোনো লক্ষ্য নিয়ে গোছানোভাবে এগোলে তা অর্জিত হবেই। এ প্রসঙ্গে শাহরুখ খানের একটি ডায়ালগ প্রায়ই স্বগতোক্তি করেন—‘আগার কিসি চিজ কো দিল সে চাহো তো পুরি কায়নাত উসে তুমসে মিলানে কী কোশিশ মেঁ লাগ জাতি হ্যায়।’
নতুনদের জন্য পরামর্শ
নতুনদের জন্য তার পরামর্শ হলো—একটি জিনিস ছোট হলেও সময় দিয়ে পুরোটা বুঝে পড়া ও গুছিয়ে নোট করা এবং একই বই থেকে সবসময় পড়া উচিত। আইনে থাকা একটি শব্দও যদি অর্থহীন মনে হয়, তবে বুঝতে হবে ওই লাইনটি আপনি বুঝতে ব্যর্থ হয়েছেন। তাছাড়া আইনে সংশোধনী এলে সংশোধনীটি প্রিন্ট করে নিজের বইয়ে রাখতে হবে, নতুন বই নেওয়া যাবে না; নতুন বই নিলে পিক্টোরিয়াল মেমোরি নষ্ট হয়ে যায়। আর পড়ার সময় সংশ্লিষ্ট টপিকে ‘আমি কিছুই জানি না; কিংবা আমি যা জানি, তা তুলনামূলকভাবে খুবই অল্প’—এই চিন্তা নিয়ে পড়া উচিত। তাহলে সহজে মনে রাখা যায় এবং দীর্ঘ সময় মনে রাখা যায়। আরেকটি বিষয়—হতাশ হওয়া যাবে না। আপনার জন্য কী নির্ধারিত আছে, সেটা আপনি জানেন না, সৃষ্টিকর্তা জানেন। তাই হাল ছাড়া যাবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন