প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডে হর্ষবর্ধন রানে খুব বেশি সিনেমায় অভিনয় করেননি। তবে ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘সানাম তেরি কাসাম’ তাকে দর্শকদের কাছে বিশেষ পরিচিতি এনে দেয়। ছবিটি শুরুতে বক্স অফিসে তেমন সাড়া না পেলেও, সময়ের সঙ্গে এটি একটি আলাদা দর্শকগোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়। ২০২৫ সালে প্রেক্ষাগৃহে পুনর্মুক্তির পর ছবিটি অভাবনীয় সাফল্য অর্জন করে। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে, ছবির প্রযোজক দীপক মুকুট এবার হর্ষবর্ধনকে সাড়ে ৩ কোটি রুপির বেশি দামের বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন। উপহার পেয়ে অভিনেতার আবদার, এবার ছবিটির দ্বিতীয় কিস্তি তৈরি হোক।
‘সানাম তেরি কাসাম’ ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেন রাধিকা রাও ও বিনয় সাপ্রু। এতে হর্ষবর্ধন রানে অভিনয় করেন ইন্দার চরিত্রে, এবং সারুর ভূমিকায় ছিলেন মাওরা হোসেন। প্রেম ও বিচ্ছেদের আবেগঘন গল্পের ছবিটি মুক্তির সময় বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। ভারতে ছবিটির প্রাথমিক আয় ছিল প্রায় ৮ কোটি রুপি।
তবে প্রেক্ষাগৃহের ব্যর্থতা ছবিটির জনপ্রিয়তায় স্থায়ী প্রভাব ফেলতে পারেনি। পরবর্তী সময়ে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তির পর দর্শকদের মধ্যে নতুন করে পরিচিতি পায় ছবিটি। বিশেষ করে এর গল্প, গান ও দুই প্রধান চরিত্রের রসায়ন দর্শকের মনে জায়গা করে নেয়। ধীরে ধীরে ছবিটি হয়ে ওঠে কাল্ট সিনেমা।
২০২৫ সালে ছবিটির পুনর্মুক্তির সময় সেই জনপ্রিয়তার প্রভাব দেখা যায়। ওই বছরের ৭ ফেব্রুয়ারি আবারও প্রেক্ষাগৃহে আসে ‘সানাম তেরি কাসাম’। এবার দর্শকদের সাড়া ছিল চোখে পড়ার মতো। পুনর্মুক্তির প্রথম দিনেই ভারতে ছবিটির আয় হয় প্রায় ৪ কোটি ২৫ লাখ রুপি। শেষ পর্যন্ত দেশটিতে ছবিটির মোট আয় ৪২ কোটি রুপি ছাড়িয়ে যায়। বিশ্বব্যাপী আয় দাঁড়ায় প্রায় ৫৪ কোটি রুপি।
ছবিটির এই সাফল্যে খুশি হয়ে হর্ষবর্ধনকে বিশেষ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রযোজক দীপক মুকুট। সম্প্রতি সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তিনি। অভিনেতাকে উপহার দিয়েছেন ল্যান্ড রোভার ডিফেন্ডার অক্টা মডেলের একটি গাড়ি। ভারতে গাড়িটির দাম ৩ কোটি ৫০ লাখ রুপি ছাড়িয়ে যায় বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গাড়িটির ছবি প্রকাশ করে দীপক মুকুট হর্ষবর্ধনের প্রতি কৃতজ্ঞতা জানান। ছবিটির পাশে থাকার জন্য অভিনেতাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ীই এই উপহার দিয়েছেন। প্রযোজকের এমন উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হর্ষবর্ধনও।
তবে উপহার পাওয়ার পর অভিনেতার পক্ষ থেকে এসেছে আরেকটি চাওয়া। প্রযোজকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হর্ষবর্ধন ‘সানাম তেরি কাসাম ২’ নির্মাণের অনুমতি চেয়েছেন। আগামী মাসে নিজের জন্মদিনে ভক্তদের নিয়ে প্রযোজকের অফিসে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। সিক্যুয়েলের চিত্রনাট্য ও পরিচালক নির্বাচনের দায়িত্ব প্রযোজকের ওপরই ছেড়ে দিয়েছেন অভিনেতা।
অর্থাৎ গাড়ি উপহার পাওয়ার আনন্দের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ‘সানাম তেরি কাসাম’-এর সিক্যুয়েল। ছবিটির ভক্তদের জন্য এটি দীর্ঘদিনের প্রত্যাশা, আবারও বড় পর্দায় ফিরুক ইন্দার ও সারুর গল্প। তবে দ্বিতীয় কিস্তি নির্মাণের বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা, শুটিং শুরুর সময় কিংবা মুক্তির তারিখ জানানো হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন