প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের হাটহাজারী এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উপজেলা প্রশাসন প্রায় ২০ শতক সরকারি জমি পুনরুদ্ধার করেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ধলই ইউনিয়নের পশ্চিম ধলই এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন জানায়, ৫ আগস্টের পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে পৌরসভার কলেজগেট থেকে ইছাপুর ফয়জিয়া বাজার, সত্তারঘাট এবং চট্টগ্রাম-নাজিরহাট সড়কের মেডিকেল গেট থেকে নাজিরহাটের হাটহাজারী সীমানা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের উভয় পাশে সরকারি সম্পদ দখলের অভিযোগ রয়েছে।
এ প্রসঙ্গে, পশ্চিম ধলইয়ের মনিয়া পুকুরপাড় সংলগ্ন এলাকায় হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন বিএস খতিয়ান-৬-এর বিএস ২০৮৫৬ দাগের প্রায় ২০ শতক জমিতে অনুমোদন ছাড়াই স্থাপনা নির্মাণ করা হচ্ছিল। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে দেয়।
অভিযান সূত্রে জানা যায়, উচ্ছেদ করা জায়গাটির আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা। অভিযানের মাধ্যমে সরকারি ওই সম্পদ পুনরুদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর এবং হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযানের সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান বলেন, ‘সরকারি জায়গা কেউ দখল করে রাখতে পারবেন না। সরকারি সম্পদ রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন