প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সহায়তায় প্রায় আট মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেয়েছেন এক ছেলে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আঙুলের ছাপের মাধ্যমে ওই বৃদ্ধের পরিচয় শনাক্ত করার পর তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ সময় পরে বাবাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছেলে।
নিখোঁজ ওই বৃদ্ধ শাহজাহান আলী (৭০) সিরাজগঞ্জের কাজীপুরের গান্ধাইল এলাকার মুনজিল শেখের ছেলে।
পিবিআই সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন শাহজাহান আলী প্রায় আট মাস আগে ঢাকার আশুলিয়া থানার বারইপাড়া উলুসিয়া মসজিদসংলগ্ন এলাকায় তার ছেলে বাবুলের ভাড়া বাসা থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি দিয়ে সন্ধান চাওয়া হয়।
গত ২৩ মার্চ রাত সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার দিঘারপাড় এলাকায় অসুস্থ অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য‘-এর সভাপতি রবিউল ইসলাম রতন সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করেন। পরে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।
সুস্থ হওয়ার পর ওই বৃদ্ধ শেরপুর শহরের বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও অবস্থান করতে থাকেন। এদিকে স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশসহ বিভিন্নভাবে পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে কোনো ভাবেই তার পরিবারের সন্ধান পাওয়া যাচ্ছিল না।
একপর্যায়ে গত ১৩ নভেম্বর সন্ধ্যায় রবিউল ইসলাম রতন সংগঠনের কয়েকজন সদস্যকে নিয়ে ওই বৃদ্ধকে পিবিআই শেরপুর জেলা কার্যালয়ে নিয়ে যান। সেখানে পিবিআইয়ের সদস্যরা ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করেন।
পরে শনিবার (১৪ নভেম্বর) ছেলে জাবেদ ওরফে বাবুল এবং নাতিজামাই সুমন মিয়া শেরপুরে পিবিআই কার্যালয়ে আসেন। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই শেষে শাহজাহান আলীকে তার ছেলের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ আট মাস পর বাবাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছেলে বাবুল।
বাবাকে পেয়ে বাবুল বলেন, "আমি পিবিআই ও আজকের তারুণ্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আমার বাবাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে সৃষ্টিকর্তা তাদেরকেও ভালো করবে। আমি সব সময় দোয়া করবো।"
স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’-এর সভাপতি রবিউল ইসলাম রতন বলেন, "আমরা কিছুদিন ধরে এই বৃদ্ধের পরিচয় জানতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি। অবশেষে গতকাল পিবিআইয়ের সহযোগিতায় আমরা তার পরিচয় শনাক্ত করতে পেরেছি। আমি আমার সংগঠনের প্রতিটা সদস্যদের কাছে কৃতজ্ঞ।"
পিবিআই শেরপুরের পুলিশ সুপার পংকজ দত্ত জানান, "আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করে একজন নিখোঁজ বৃদ্ধকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন