প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি প্রকাশ করেছে। প্রকাশিত সূচির তথ্য অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার, আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়।
রুটিন অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শুরু হবে। আর ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে। এছাড়া, ব্যবহারিক পরীক্ষাগুলোও ১৫ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
পরীক্ষার্থীদের জন্য ১১ নির্দেশনা
সাপ্লিমেন্টারি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শিক্ষাবোর্ড পরীক্ষার্থীদের জন্য ১১টি নির্দেশনা প্রদান করেছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, পরীক্ষার শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
ব্যবহারিক বিষয়সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি অংশের জন্য ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা প্রশ্নপত্রে উল্লিখিত সময় পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এমসিকিউ ও সৃজনশীল অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে সকাল ৯টা ৩০ মিনিটে পরীক্ষার্থীদের অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি অংশের ওএমআর শিট বিতরণ করা হবে। সকাল ১০টায় বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হবে। সকাল ১০টা ৩০ মিনিটে বহুনির্বাচনি অংশের উত্তরপত্র (ওএমআর শিট) সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। তবে ২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে সকাল ১০টা ২৫ মিনিটে ওএমআর শিট সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে।
অন্যদিকে, দুপুর ২টায় শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে দুপুর ১টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি অংশের ওএমআর শিট বিতরণ করা হবে। দুপুর ২টায় বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হবে। দুপুর ২টা ৩০ মিনিটে বহুনির্বাচনি অংশের উত্তরপত্র সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। ২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ কার্যক্রম দুপুর ২টা ২৫ মিনিটে সম্পন্ন হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে পরীক্ষার অন্তত পাঁচ দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
প্রত্যেক পরীক্ষার্থীকে সরবরাহ করা উত্তরপত্রে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোডসহ প্রয়োজনীয় তথ্য ওএমআর ফরমে যথাযথভাবে লিখে নির্ধারিত বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্রের মার্জিনে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
পরীক্ষার্থীদের তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে (যদি প্রযোজ্য হয়) পৃথকভাবে পাস করতে হবে। ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে পূর্বে প্রাপ্ত নম্বর বহাল থাকবে। শুধুমাত্র অকৃতকার্য ও অনুপস্থিত পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে।
এছাড়া, প্রত্যেক পরীক্ষার্থীকে শুধুমাত্র রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয় বা বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কোনো অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন