প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন ভিসা জটিলতার কারণে আফ্রিকার বিভিন্ন দেশের সুন্দরীদের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী ২৪ নভেম্বর, মার্কিন নিয়ন্ত্রিত পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর।
মিস ইউনিভার্স জিম্বাবুয়ে রোজানা হল, এবারের প্রতিযোগিতায় জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করার কথা রয়েছে। তবে তিনি এখনও মার্কিন এই ভূখণ্ডে ভ্রমণের জন্য ভিসা পাননি। হল তার ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত একটি ভিডিওতে বলেছেন, “আমার ভিসা অনুমোদনের জন্য আমরা বারবার দৌড়ঝাঁপ করছি।”
রোজানা হল একমাত্র আফ্রিকান প্রতিযোগী নন যিনি এই বিধিনিষেধের শিকার হয়েছেন। জাম্বিয়া ইতোমধ্যে মার্কিন ভ্রমণ বিধিনিষেধের কারণে তাদের প্রতিনিধি পামেলা মুবাঙ্গাকে প্রতিযোগিতা থেকে প্রত্যাহার করে নিয়েছে।
প্রতিযোগীরা নিবন্ধন, পোশাকের মাপজোক এবং প্রতিযোগিতা-পূর্ব অন্যান্য কার্যক্রমে অংশ নিতে গত ৮ নভেম্বর থেকে পুয়ের্তো রিকোতে পৌঁছাতে শুরু করেছেন। এর ফলে রোজানা হল এবং দক্ষিণ সুদানের প্রতিনিধিসহ অন্যান্যদের জন্য দ্রুত ভিসা নিশ্চিত করার চাপ বৃদ্ধি পাচ্ছে। হল বলেছেন, “আনুষ্ঠানিকভাবে, আজই আমার মিস ইউনিভার্সের ৭৫তম আসরে অংশ নিতে পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।”
‘প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন ১০৯৯৮’ অনুযায়ী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া আংশিক মার্কিন ভ্রমণ বিধিনিষেধের আওতায় ১৯টি দেশের মধ্যে জিম্বাবুয়ে অন্তর্ভুক্ত। এই পদক্ষেপের ফলে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের জন্য ভিজিটর, স্টুডেন্ট এবং এক্সচেঞ্জ ভিসার পাশাপাশি অভিবাসী ভিসা প্রদান স্থগিত করা হয়েছে। অন্যান্য শ্রেণির নন-ইমিগ্র্যান্ট ভিসার ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
জাম্বিয়ার মিস ইউনিভার্স সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, মুবাঙ্গার পরিস্থিতি কোনো ব্যক্তিগত বিষয় নয় বরং এটি ভ্রমণ বিধিনিষেধের ফল। বিবৃতিতে বলা হয়েছে, “ব্যক্তিগত পরিস্থিতি, কাগজপত্র বা সাংগঠনিক জটিলতার কারণে কোনো প্রতিযোগীর ভিসা প্রত্যাখ্যাত হওয়ার ঘটনার মতো এটি নয়; মুবাঙ্গার পরিস্থিতি জাম্বিয়া এবং অন্যান্য আফ্রিকান দেশগুলোর ওপর প্রভাব ফেলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভ্রমণ বিধিনিষেধের সাথে যুক্ত।” ২৫ বছর বয়সী নিবন্ধিত নার্স মুবাঙ্গা ৮ অক্টোবর মিস ইউনিভার্স জাম্বিয়া নির্বাচিত হন এবং আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় দেশটির প্রতিনিধিত্ব করার কথা ছিল। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, আরও পাঁচটি আফ্রিকান দেশ একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, যদিও দেশগুলোর নাম উল্লেখ করা হয়নি।
রোজানা হল জানিয়েছেন যে তিনিও এই উদ্বেগের সাথে একমত এবং ভিসা নিশ্চিত করার চেষ্টায় তিনি গত কয়েক সপ্তাহ দক্ষিণ আফ্রিকায় কাটিয়েছেন। তিনি বলেন, “এই সংকটে আমি একা নই। আমার আরও কিছু আফ্রিকান বোন একই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, এবং তাঁরা কেমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন তা আমি ঠিকই বুঝতে পারছি।”
মিস ইউনিভার্স দক্ষিণ সুদানও হলের ভিডিওতে মন্তব্য করে তার অংশগ্রহণের বিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছে, “আমরা মিস ইউনিভার্সে পৌঁছাতে পারব কি না, তার সম্ভাবনা ৫০/৫০।” তিন দিন আগে পোস্ট করা আরেকটি ভিডিওতে হল বলেছেন যে তিনি এখনও পুয়ের্তো রিকোতে যাওয়ার আশা ছাড়েননি। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, “জিম্বাবুয়েকে পুয়ের্তো রিকোতে নিয়ে যাওয়ার লড়াই চলছে।”
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বটি পুয়ের্তো রিকোর সান জুয়ানের হোসে মিগুয়েল অ্যাগ্রেলট কলিসিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র: বিবিসি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন