প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ফলে তিনটি দোকান পুড়ে গেছে। এ সময় পাশের মার্কেটের সংলগ্ন বাড়িতে অবস্থানরত ৮ মাস বয়সী একটি শিশু আগুনের স্ফুলিঙ্গের কারণে দগ্ধ হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে টঙ্গী পশ্চিম থানাধীন খাঁ-পাড়া দিঘীরপাড় এলাকার বিপ্লব মার্কেটে এই দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে দগ্ধ শিশুটি চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে ইলিয়াস হোসেনের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের শুরু হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে পাশের দিঘি থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
তবে স্ফুলিঙ্গ পড়ে পাশের বাড়ির আট মাস বয়সী শিশুটি দগ্ধ হয়। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বিপ্লব মার্কেটের ইলিয়াস হোসেনের মুদি দোকান, মো. খোরশেদ আলমের ইলেকট্রনিক্স ও ফার্নিচারের দোকান এবং সুজনের একটি বিডি ফুড ডিলারের দোকান।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট পাঠানো হয়েছে। তবে সরু রাস্তার কারণে গাড়ি সরাসরি ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় কাজ শুরু করতে কিছুটা সময় বেশি লেগেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন