প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনার আজিজুল হক ফেসবুকে বেবি বাইক কেনার বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন। অর্ডার নিশ্চিত করার জন্য প্রথমে তার কাছে ৩১০ টাকা চাওয়া হয়।
এরপর ‘ডেলিভারি ম্যান’ পরিচয়ে ফোন করে নানা কৌশলে তার কাছ থেকে নেওয়া হয় আরো ৪৮ হাজার ৮৩০ টাকা।
অবশেষে পণ্য তিনি পাননি, বরং তার মোট ৪৯ হাজার ১৪০ টাকা খোয়াতে হয়েছে। এ ঘটনায় প্রতারণার অভিযোগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), খুলনা দুই যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলনার খানজাহান আলী থানার শিরোমনি এলাকার জুয়েল সরদার (২৫) ও মো. সাইফুল ইসলাম (৩০) অন্তর্ভুক্ত রয়েছে।
গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে শিরোমনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের একজন সাইফুলের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মুঠোফোন ও সিম কার্ড জব্দ করা হয়েছে। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) তাদের আদালতে হাজির করা হলে দুজনই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
মামলার এজাহার ও পিবিআই সূত্রে জানা যায়, খুলনার লবণচরা থানার টুটপাড়া বড়খালপাড় এলাকার বাসিন্দা আজিজুল হক ফেসবুকের ‘Online Sale Bazar’ নামের একটি পেইজে বেবি বাইকের বিজ্ঞাপন দেখেন।
এরপর তারা যে নম্বরে যোগাযোগ করতে বলেন, সেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন।
অর্ডার নিশ্চিত করার জন্য আজিজুলকে প্রথমে ৩১০ টাকা অগ্রিম পাঠাতে বলা হয়। ২৭ আগস্ট তিনি টাকা পাঠানোর পর তাকে একটি ইনভয়েস প্রদান করা হয়। দুই দিন পর ২৯ আগস্ট বিকেলে অন্য একটি নম্বর থেকে ‘ডেলিভারি ম্যান’ পরিচয়ে ফোন আসে। এরপর নানা অজুহাতে তার কাছ থেকে একাধিক দফায় টাকা নেওয়া হয়।
প্রথমে তিন হাজার ২০০; এরপর তিন হাজার ৩০৭ ও তিন হাজার ২৫৯ টাকা নেওয়ার পর টাকা ফেরতের কথা বলে নেওয়া হয় ৯ হাজার ৭৬৬ টাকা। পরে আরো তিন দফায় ২৯ হাজার ২৯৮ টাকা নেওয়া হয়।
একপর্যায়ে টাকা ফেরত না পেয়ে আজিজুল প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। ৬ সেপ্টেম্বর তিনি লবণচরা থানায় মামলা করেন।
পিবিআই জানায়, জুয়েল ও সাইফুল একই কৌশলে আরো অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
পিবিআই খুলনার পুলিশ সুপার রেশমা শারমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অপরিচিত পেজ ও ব্যক্তিকে যাচাই না করে অগ্রিম টাকা দেওয়া থেকে বিরত থাকতে হবে। প্রতারণার শিকার হলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানোর পরামর্শ দেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন