প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান ডানা হোয়াইটকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব করেছেন। এই প্রস্তাব তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টের মাধ্যমে প্রকাশ করেন।
পোস্টটিতে ট্রাম্প উল্লেখ করেন, ‘ডানা এমন একজন প্রেস সেক্রেটারি হবেন, যার কোনো তুলনা নেই। ডানা, অনুগ্রহ করে দায়িত্বটি গ্রহণ করুন!’
তবে ট্রাম্পের এই প্রস্তাবটি সত্যিকার নিয়োগের উদ্যোগ, নাকি কেবল রসিকতা—তা স্পষ্ট নয়। শনিবার (৭ নভেম্বর) এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে ডানা হোয়াইট জানান, ‘আমার হাতে এমনিতেই অনেক দায়িত্ব রয়েছে।’
গত অক্টোবরের মাঝামাঝি সময়ে কেটি জাকারিয়া পদত্যাগ করার পর থেকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদটি শূন্য অবস্থায় রয়েছে। তিনি দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই পদত্যাগ করেন।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির পর শনিবার বিকালে ট্রাম্পের এই পোস্টটি সামনে আসে। নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে রিপাবলিকানরা।
ডানা হোয়াইটকে ‘একজন লড়াকু যোদ্ধা’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, প্রেস সেক্রেটারির দায়িত্ব গ্রহণের সময় তার সঙ্গে কয়েকজন খ্যাতনামা ইউএফসি যোদ্ধাকেও নিয়ে আসা উচিত। এমনকি তাদের মধ্যে কেউ যুক্তরাষ্ট্রের নাগরিক না হলেও তাতে সমস্যা নেই বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের ভাষায়, ‘উন্মাদ বামপন্থিদের’ বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে এসব যোদ্ধার প্রয়োজন। পোস্টের সঙ্গে তিনি ছয়জন ইউএফসি যোদ্ধার ছবিও যুক্ত করেন।
ট্রাম্পের পোস্টের পর ডানা হোয়াইট ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেন। ছবিতে তাকে হোয়াইট হাউসের সংবাদ সম্মেলন কক্ষের পোডিয়ামের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘নতুন অধ্যায়ের পথে।’
তবে তার এই পোস্টও নিছক রসিকতা ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চিউং এক্সে ট্রাম্পের পোস্ট শেয়ার করে লেখেন, ‘অবশ্যই! ডানা, দায়িত্বটি গ্রহণ করুন!’
শনিবার রাতে লন্ডনের কপার বক্স অ্যারেনায় একটি বক্সিং ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ডানা হোয়াইট। সাবেক ব্রিটিশ বিশ্বচ্যাম্পিয়ন ক্রিস বিলাম-স্মিথ ও জ্যামাইকান বংশোদ্ভূত ব্রিটিশ বক্সার শেভন ক্লার্কের লড়াইয়ের পর সংবাদ সম্মেলনে ট্রাম্পের প্রস্তাব নিয়ে প্রশ্ন করা হয় তাকে।
জবাবে হোয়াইট জানান, সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে তিনি ওয়াশিংটনে যাচ্ছেন। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, ওই বৈঠকের পর আমাদের আলোচনার মতো কিছু বিষয় থাকবে।’
তবে প্রেস সেক্রেটারির দায়িত্ব গ্রহণে তিনি আগ্রহী কি না, সে বিষয়ে সরাসরি কিছু বলেননি। এদিকে সিএনএনের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ডানা হোয়াইট এই প্রস্তাব গ্রহণে আগ্রহী নন।
ডানা হোয়াইট দীর্ঘদিন ধরে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও বন্ধু হিসেবে পরিচিত। ২০০১ সালে ব্যবসায়িক অংশীদারদের নিয়ে মাত্র ২০ লাখ ডলারে তখন আর্থিক সংকটে থাকা ইউএফসি কিনে নেন হোয়াইট। সে সময় প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা ছিল।
এর পাঁচ বছর আগে রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন মিক্সড মার্শাল আর্টসকে ‘মানুষের মোরগ লড়াই’ বলে আখ্যা দিয়েছিলেন। তার সমালোচনার পর যুক্তরাষ্ট্রের ৩৬টি অঙ্গরাজ্যে এ খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
২০২৫ সালে হোয়াইট বলেন, সে সময় কোনো ভেন্যুই ইউএফসিকে জায়গা দিতে চাইত না। আয়োজকদের প্রতি মানুষের আগ্রহ ও দর্শকদের আচরণ নিয়ে সংশয় ছিল।
তবে মূলধারার ক্রীড়া ভেন্যুগুলো যখন ইউএফসিকে জায়গা দিতে অস্বীকৃতি জানাচ্ছিল, তখন ট্রাম্পের সহযোগিতায় প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় বলে দাবি করেন হোয়াইট। ২০০১ সালে নিউ জার্সির আটলান্টিক সিটির ট্রাম্প তাজমহল ক্যাসিনোতে দুটি ইউএফসি ইভেন্ট আয়োজনের সুযোগ দিয়েছিলেন ট্রাম্প।
এরপর ২০১৬, ২০২০ ও ২০২৪ সালে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় বক্তৃতা দেন ডানা হোয়াইট।
তথ্যসূত্র: বিবিসি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন