প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্রীড়াঙ্গনে অর্থের চাহিদা এবং সরকারি সহায়তার দাবি বিদ্যমান, সেইসাথে বিভিন্ন প্রকল্প ও বরাদ্দের জন্য আবেদন করা হচ্ছে। কিন্তু সেই অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, তা নিয়ে রয়েছে এক ধরনের অনীহা। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নথিপত্র অনুযায়ী, ৫২টি জাতীয় ক্রীড়া ফেডারেশন-অ্যাসোসিয়েশনের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব ও অডিট প্রতিবেদন জমা দিয়েছে মাত্র ১৪টি। ফুটবলসহ ৩৮টি ফেডারেশন-অ্যাসোসিয়েশন এখনও সেই হিসাব জমা দেয়নি। এনএসসি ২০১৮ সালের আইনে পরিচালিত হচ্ছে। ওই আইনের ২৩ নম্বর ধারায় প্রত্যেক জাতীয় ক্রীড়া সংস্থার জন্য বার্ষিক আয়-ব্যয়ের হিসাব এবং অডিট প্রতিবেদন পরবর্তী বছরের সেপ্টেম্বরের মধ্যে এনএসসিতে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আইন রয়েছে, সময়সীমা নির্ধারিত। কিন্তু বাস্তবে এর প্রয়োগ কতটা হচ্ছে, এই পরিসংখ্যানই তার উত্তর দেয়। এর আগে হিসাব জমা দেওয়ার ব্যাপারে এনএসসি কড়াকড়ি করেছিল। তবে পরে সেই কঠোর অবস্থান শিথিল করা হয়। এখন আবার এনএসসি নড়েচড়ে বসেছে। পরিচালক (অর্থ) তনময় ইসলাম সব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে ২০২৪-২৫ অর্থবছরের ব্যয় বিবরণী ও অডিট প্রতিবেদন অবিলম্বে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরের অডিট প্রতিবেদনও সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
এখন পর্যন্ত হিসাব জমা দিয়েছে কাবাডি, সাঁতার, শুটিং, ভলিবল, বাস্কেটবল, কুস্তি, জিমন্যাস্টিক্স, শরীর গঠন, বিলিয়ার্ড, মহিলা ক্রীড়া সংস্থা, রাগবি, মাউন্টেনিয়ারিং, প্যারা অলিম্পিক ও ক্রিকেট বোর্ড। তবে ২০২৫-২৬ অর্থবছরের হিসাব শুধুমাত্র বাংলাদেশ মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন জমা দিয়েছে।
ফুটবল নিয়ে সবচেয়ে বড় প্রশ্নটি রয়েছে। দেশের অন্যতম প্রভাবশালী এই ফেডারেশন নিয়মিতভাবে সরকারের কাছে বিভিন্ন সুযোগ-সুবিধার জন্য আবেদন করে। কিন্তু এনএসসিতে তাদের আয়-ব্যয়ের হিসাব নেই। এশিয়ান কাপ বাছাইয়ের তিনটি হোম ম্যাচের গেটমানির হিসাব চেয়েও এনএসসি তা পায়নি। ওই ম্যাচগুলোর আয়-ব্যয়ের হিসাবও প্রকাশ্যে আসেনি। ফুটবলের পাশাপাশি আরচারি, অ্যাথলেটিক্স, দাবা, কারাতে, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সাইক্লিংসহ গুরুত্বপূর্ণ অনেক ফেডারেশনও এখনও হিসাব জমা দেয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন