প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
"বয়স হয়েছে, চোখেও ঠিকমতো দেখি না। টাকার অভাবে ভালো ডাক্তার দেখানো সম্ভব হয় না। এখানে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পাশাপাশি ওষুধ ও চশমাও পেয়েছি। এমন সুযোগ আমাদের মতো গরিব মানুষের জন্য অনেক বড় পাওয়া।" কথাগুলো বলছিলেন চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নের গোপালঘাটায় আয়োজিত বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে সেবা নিতে আসা এক সত্তরোর্ধ বয়োবৃদ্ধা রোগী সায়রা খাতুন। তাঁর মতো গ্রামের শত শত অসহায় ও চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য একদিনের এই আয়োজন হয়ে ওঠে স্বস্তির উপলক্ষ।
চট্টগ্রামের ফটিকছড়িতে সাধারণ মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতে দিনব্যাপী বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে লেলাং ইউনিয়নের গোপালঘাটা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
‘হাজী মোমেনা-আনোয়ার মুহুরী ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্র্যাট ও নানুপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার।
নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জয়নাল আবেদীন মুহুরীর সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পে ১৬ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল অংশ নেয়। দিনব্যাপী এ কার্যক্রমে চক্ষু, চর্ম ও যৌনরোগ, মেডিসিন, হৃদরোগ, গাইনি, শিশু রোগ এবং হাড়ভাঙা ও বাত-ব্যথাসহ বিভিন্ন বিভাগে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
চিকিৎসাসেবার পাশাপাশি অসহায় ও দুস্থ রোগীদের মধ্যে প্রায় তিন লাখ টাকার বিনামূল্যের ওষুধ ও চশমা বিতরণ করা হয়। এছাড়া প্রাথমিকভাবে বাছাই করা ২০ জন ছানি রোগীর চোখের বিনামূল্যে অস্ত্রোপচারের সম্পূর্ণ ব্যবস্থা করে দেয় আয়োজক কর্তৃপক্ষ। এতে চিকিৎসাবঞ্চিত দরিদ্র রোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও স্বস্তি দেখা যায়।
স্থানীয়রা জানান, গ্রামীণ জনপদে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নেওয়া অনেক দরিদ্র পরিবারের জন্য ব্যয়বহুল ও কষ্টসাধ্য। এ ধরনের উদ্যোগের ফলে এক জায়গায় বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চশমা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে বয়োবৃদ্ধ ও অসচ্ছল রোগীদের জন্য এটি ছিল অত্যন্ত উপকারী আয়োজন।
আয়োজকরা জানান, মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন