প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, “যুক্তরাষ্ট্র আলোচনার পথ বেছে নেবে নাকি যুদ্ধের, তা নিয়ে আমরা পরোয়া করি না। তারা যদি আমাদের সাতটি যৌক্তিক শর্ত মেনে নেয়, তবে চুক্তির দরজা খোলা থাকবে।” রবিবার ইরান পার্লামেন্টের এক উন্মুক্ত অধিবেশনে গালিবাফ মন্তব্য করেন, “যুক্তরাষ্ট্র যদি আরেকটি ভুল করে, তবে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীই যুদ্ধক্ষেত্রের ভূগোল নির্ধারণ করবে।” ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর এ তথ্য জানিয়েছে।
গালিবাফ, যিনি ইরানের শীর্ষ আলোচক, উল্লেখ করেছেন যে, তেহরান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন অবস্থায় থাকবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নতুন করে হামলার মাধ্যমে যুদ্ধ বাড়ানোর হুমকি দিচ্ছেন এবং শত্রুতা কমিয়ে আনার কথা বলছেন—এই দুইয়ের মধ্যে দোদুল্যমান রয়েছেন, ঠিক তখনই গালিবাফ এ মন্তব্য করেন। তিনি যুক্তরাষ্ট্রকে নতুন করে হামলার বিরুদ্ধেও সতর্ক করেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালালে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ জ্যেষ্ঠ সামরিক কমান্ডাররা নিহত হন। এর প্রতিক্রিয়ায় তেহরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায় এবং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়, যার ফলে বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হয়ে ওঠে।
১৭ জুন ট্রাম্প এবং তার ইরানি সমকক্ষ মাসুদ পেজেশকিয়ান যুদ্ধের অবসান ঘটাতে ১৪ দফার একটি চুক্তিতে স্বাক্ষর করেন। ওই চুক্তিতে লেবাননসহ সব জায়গায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার কথা বলা হয়েছিল এবং উভয় দেশ ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর অঙ্গীকার করেছিল। তবে ৮ জুলাই ট্রাম্প ঘোষণা করেন যে চুক্তিটি শেষ হয়ে গেছে। এর এক সপ্তাহ পর ওয়াশিংটনের বিরুদ্ধে সব প্রতিশ্রুতি লঙ্ঘনের অভিযোগ এনে তেহরানও ওই সমঝোতা স্মারক স্থগিত করে।
বিষয়টি সম্পর্কে অবগত তিনজন ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স শনিবার জানিয়েছে, ট্রাম্প সাম্প্রতিক দিনগুলোতে তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের বলেছেন যে তেহরান বা ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র নতুন কোনো উসকানির মুখে না পড়লে তিনি ইরানে হামলা চালানো থেকে বিরত থাকতে পারেন। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত আরেকজনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গত দুই সপ্তাহে ফোনালাপে ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ানের মতামত চেয়েছেন। তারা দুজনই ইরানে পুনরায় হামলা না চালানোর জন্য ট্রাম্পকে অনুরোধ করেছেন।
আলোচনা সম্পর্কে অবগত আরও দুজন ব্যক্তির মতে, ট্রাম্প ৩১ অক্টোবর বিন সালমানকে বলেছিলেন যে তিনি মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর হামলা চালানোর পরিকল্পনা করছেন। তবে যুবরাজ তাকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে যুক্তি দেন যে তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো কাজ করছে। তবে মার্কিন পরিকল্পনা সম্পর্কে অবগত আরও তিনজন ব্যক্তি জানিয়েছেন, প্রয়োজন হলে মার্কিন সামরিক বাহিনীও যুদ্ধের তীব্রতা বাড়াতে প্রস্তুত রয়েছে।
ওই ব্যক্তিরা জানান, বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা দুটি বিমানবাহী রণতরির একটিকে প্রতিস্থাপন করতে আগামী দিনগুলোতে তৃতীয় আরেকটি বিমানবাহী রণতরি ওই অঞ্চলে যাচ্ছে। তবে প্রয়োজন হলে তিনটি রণতরীই সেখানে অবস্থান করতে পারে।
সৌদি ও তুর্কি নেতাদের সাথে ট্রাম্পের ফোনালাপ সম্পর্কে অবগত একজন ব্যক্তি বলেছেন, ট্রাম্প ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলার পথও বেছে নিতে পারেন। তবে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ওই স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে এবং সেখানে আরও হামলা সফল হবে কি না তা স্পষ্ট নয়।
মধ্যপ্রাচ্যের যেসব মিত্র দেশ ট্রাম্পকে পুরোদস্তুর যুদ্ধে ফিরে না যাওয়ার অনুরোধ করেছে, তাদের প্রতিও তিনি সহানুভূতি দেখিয়েছেন। বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, “আমি এটি তাৎক্ষণিকভাবে শেষ করে দিতে পারতাম। কিন্তু আমি যেসব দেশকে রক্ষা করতে চাইছি তাদের অনুরোধে আমরা বিষয়টি একটু দীর্ঘ পথে এবং কিছুটা ভদ্রভাবে সমাধান করছি।” সূত্র : এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন