প্রিন্ট এর তারিখঃ ২০ই অক্টোবর, ২০২৬ইং; ০৭:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ ৩ই জুলাই, ২০২৬ইং; ০৭:০০ পি.এম
ভাণ্ডারিয়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভিটাবাড়িয়া গ্রামে পারিবারিক কলহের জেরে সুমাইয়া আক্তার (২৪) নামের এক দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন । নিহত সুমাইয়া ওই গ্রামের মোঃ হাসান ডাকুয়ার স্ত্রী। তিনি সাড়ে তিন বছরের একটি ছেলে এবং আড়াই মাসের একটি কন্যাসন্তানের মা ছিলেন। সুমাইয়ার পিতার বাড়ি মঠবাড়িয়া উপজেলা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার (১ জুলাই) সকাল ১০টার দিকে নিজ গৃহের আড়ার সাথে গলায় ফাঁস দেন সুমাইয়া। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার আসরের নামাজের পর সেখানে তিনি মারা যান।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় নিহতের মরদেহ স্বামীর বাড়িতে নিয়ে আসা হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সুমাইয়ার স্বামী হাসান ডাকুয়া দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন এবং সেখানে তিনি দ্বিতীয় বিবাহ করেছেন। এই নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ ও মানসিক টানাপোড়েন চলছিল। এই দ্বিতীয় বিবাহের জের ধরেই সুমাইয়া আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে ধারণা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, ঘটনার পরে চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই ব্যাপারে খুলনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"