প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) পঞ্চম আসরে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান হতাশার মধ্যে দিয়ে তার অভিযান শুরু করেছেন। আসরের প্রথম ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে তিনি চার ওভার বোলিং করে কোনো উইকেট পাননি। তার দল আবুধাবি নাইট রাইডার্সের কাছে ৫৫ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে আবুধাবি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে। জবাবে, দুবাই ক্যাপিটালস ১৭.৫ ওভারে মাত্র ১১২ রানে অলআউট হয়ে যায়।
ম্যাচে মুস্তাফিজ ৪ ওভারে ৩৭ রান খরচ করেন। শুরুতে কিছুটা খরুচে বোলিং করলেও, তিনি শেষ দিকে নিয়ন্ত্রিত বোলিংয়ে নজর কাড়েন। বিশেষ করে ১৭তম ওভারে একটি ওয়াইডসহ মাত্র ৩ রান দেন এই বাঁহাতি পেসার।
আবুধাবির শুরুটা ছিল দুর্দান্ত। তারা প্রথম ১২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৮ রান তুলে নেয়। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষ আট ওভারে ৬ উইকেট হারিয়ে তারা মাত্র ৫৯ রান যোগ করতে সক্ষম হয়।
দলের পক্ষে ঝড়ো ব্যাটিং করেন ফিন অ্যালেন, যিনি ৩৮ বলে ৭৪ রান করে নুর আহমাদের বলে বোল্ড হন। আন্দ্রে ফ্লেচার ৪৯ বলে ৫৫ রান করেন। অ্যালেন ও ফ্লেচারের উদ্বোধনী জুটিতে আসে ৭৬ বলে ১১৯ রান।
মুস্তাফিজের বলে শেষ দিকে আন্দ্রে রাসেল বেশ চাপে পড়েন। নিজের শেষ ওভারে রাসেলের বিপক্ষে একটি নো বল করলেও, পরের বলেই দারুণ ইয়র্কারে তার স্টাম্প ভেঙে দেন মুস্তাফিজ। তবে আগের বলটি নো হওয়ায় সেটি ফ্রি-হিট ছিল, ফলে উইকেট পাননি বাংলাদেশের এই পেসার।
আবুধাবির ইনিংসে শেষ ওভারে বল করতে এসে ৮ রান দিয়ে দুটি উইকেট নেন কারিম জানাত। দুবাইয়ের হয়ে দুশমান্থা চামিরা ২৫ রান ও নুর আহমাদ ৪০ রান দিয়ে দুটি করে উইকেট শিকার করেন।
উল্লেখ্য, আইএলটি-টোয়েন্টির গত আসরে মুস্তাফিজ দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। আট ম্যাচে তার শিকার ছিল ১৫ উইকেট। তবে নতুন আসরের প্রথম ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি বাংলাদেশের এই তারকা পেসার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন