প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার এবং চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন আজ ১৩ নভেম্বর। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার মোহনগঞ্জে তাঁর জন্ম হয়। জীবদ্দশায় অসংখ্য উপন্যাস, গল্প, নাটক এবং চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে বাংলা সংস্কৃতিতে তিনি একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।
হুমায়ূন আহমেদের সহজ ভাষায় মানুষের জীবনের জটিল অনুভূতি, মধ্যবিত্তের সুখ-দুঃখ, প্রেম, বিরহ এবং মনস্তত্ত্ব তুলে ধরার অসাধারণ ক্ষমতা ছিল। তাঁর লেখায় সাধারণ মানুষের চেনা জীবন উঠে এসেছে, আবার সেই পরিচিত জীবনের মধ্যেই তৈরি হয়েছে এক অন্য রকম জগৎ। এ কারণেই তিনি কয়েক প্রজন্মের পাঠকের কাছে সমান জনপ্রিয়।
‘নন্দিত নরকে’ উপন্যাসের মাধ্যমে সাহিত্যজগতে তাঁর যাত্রা শুরু হয়। এরপর ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘মধ্যাহ্ন’, ‘দেবী’সহ অসংখ্য কালজয়ী বই পাঠকদের উপহার দিয়েছেন। তাঁর সৃষ্ট মিসির আলী ও হিমু চরিত্র দুটি বাংলা সাহিত্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। আজও নতুন প্রজন্মের পাঠকেরা এসব চরিত্রের প্রতি আকৃষ্ট হন।
সাহিত্যের পাশাপাশি টেলিভিশন নাটক ও চলচ্চিত্রেও তিনি ছিলেন সমান দাপটের অধিকারী। ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’ এবং ‘কোথাও কেউ নেই’ নাটকের মাধ্যমে তিনি দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেন। বিশেষ করে ‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাই চরিত্রটি আজও দর্শকের আবেগ ও স্মৃতিতে অমলিন হয়ে আছে।
২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ূন আহমেদ মারা যান। তবে মৃত্যুর এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর সাহিত্যকর্মের আবেদন কমেনি। জন্মদিনে নতুন করে তাঁকে স্মরণ করছেন পাঠক, দর্শক এবং ভক্তরা। তাঁর সৃষ্টি ও গল্পের মধ্য দিয়েই বাংলা সংস্কৃতিতে বেঁচে থাকবেন এই জনপ্রিয় কথাসাহিত্যিক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন