প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বাড়ির বিদ্যুতের মিটারের নিচে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন তাঁর মা-বাবা। পাশের বাড়ির এক নারীর চিৎকারে বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান রাফির মা-বাবা।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
রাফির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার গ্রামের বাড়িতে এ আগুন দেওয়ার চেষ্টা করেছে। বাড়িতে আগুন ছড়িয়ে দিয়ে মা-বাবাকে হত্যার উদ্দেশেই বিদ্যুতের মিটারের নিচে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
রাফি জানান, ঘটনার সময় তার মা-বাবা ঘুমিয়ে ছিলেন। পাশের বাড়ির এক নারী আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন বাড়ির ভেতরে ছড়িয়ে পড়তে পারেনি।
বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাফি ঘটনার বিবরণ তুলে ধরেন।
তিনি লেখেন, ‘রাত আনুমানিক ৩টায় আমার গ্রামের বাড়ি (নেত্রকোনায়) আওয়ামী সন্ত্রাসীরা আগুন দিয়েছিল। ঘরের কারেন্টের মিটারের ঠিক নিচে পেট্রল ঢেলে আগুন লাগিয়েছে। ভাগ্যক্রমে বাড়ির মানুষজন জেগে যাওয়ায় আল্লাহ আমার আব্বা-আম্মাকে বাঁচিয়েছেন।’
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, রাত সাড়ে ৩টার দিকে কে বা কারা বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করে। পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এতে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন