প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসন ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে মাঠে নেমেছে। শনিবার উজিরপুর পৌরসভার কালীর বাজার ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ কর্মসূচিটি উপজেলা পরিষদের আয়োজনে এবং উজিরপুর পৌরসভার সহযোগিতায় পরিচালিত হয়, যার নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা এবং সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক উম্মে সালমা খানুন।
অভিযান চলাকালে বাজার ও আশপাশের বিভিন্ন স্থানে সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করা হয়। একই সঙ্গে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয় এবং স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় বাড়ির আঙিনা, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশে পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রাম, বালতি, বোতল ও পুরোনো টায়ারসহ যেসব স্থানে পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। এছাড়া ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, “শুধু মশক নিধন কার্যক্রম পরিচালনা করে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।” তিনি ব্যবসায়ীদের নিজ নিজ দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক উম্মে সালমা খানুনসহ সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে গভীর নজর রাখতে হবে।
কর্মসূচিতে জাসাস বরিশাল জেলা দক্ষিণের সদস্য সচিব আহম্মেদুল কবির বিপ্লব মোল্লা, উজিরপুর পৌর বিএনপির সহ-সভাপতি মো. হেমায়েত উদ্দিন খলিফা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নয়ন হাওলাদার, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম ফকির, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দীন শরীফ, সাধারণ সম্পাদক সরদার সোহেল, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মাহমুদ আহমেদ সবুজ, সহ-সভাপতি মো. মোস্তফা জামান সুমন বালী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আহাদ সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ স্বাধীন, প্রচার সম্পাদক মো. সুজন হাওলাদারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে আগামী তিন মাস প্রতি শনিবার উজিরপুরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন