প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়িবহরে সশস্ত্র ব্যক্তিদের দ্বারা অতর্কিত হামলা চালানো হয়েছে। এই হামলার ফলে পুলিশের সঙ্গে কয়েক ঘণ্টার বন্দুকযুদ্ধে অন্তত ১০ পুলিশ সদস্য এবং ১৮ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। মোট ২৮ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ফয়সাল খান জানিয়েছেন, বুধবার আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় এই হামলার ঘটনা ঘটে। কোহাটের নিকটবর্তী একটি এলাকায় অবৈধ স্বর্ণ উত্তোলনের সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে অভিযান শেষে ফেরার পথে পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়।
তিনি আরও জানান, নিহত ১০ পুলিশ সদস্যের মধ্যে দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। হামলার পর নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে কয়েক ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। ঘটনার কয়েক ঘণ্টা পর পাকিস্তানি তালেবান হামলার দায় স্বীকার করে একটি বিবৃতি দেয়।
তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত এই গোষ্ঠী সাম্প্রতিক মাসগুলোতে ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বৃদ্ধি করেছে। খাইবার পাখতুনখোয়া পুলিশ এক বিবৃতিতে জানায়, পরবর্তী বন্দুকযুদ্ধে ১৮ জন জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তান সরকার পাকিস্তানি তালেবান সদস্যদের বোঝাতে ‘খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করে।
পুলিশের দাবি, অপরাধী চক্রের সঙ্গে যোগসাজশ করে সশস্ত্র ব্যক্তিরা এই হামলা চালিয়েছে। তাদের ভাষ্য, অবৈধ স্বর্ণ উত্তোলনের সঙ্গে জড়িত অপরাধী চক্রের সঙ্গে পাকিস্তানি তালেবানের যোগাযোগ রয়েছে। পুলিশ দাবি করেছে, বিদেশি শক্তির ইশারায় তারা একসঙ্গে কাজ করছে। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ তারা দেয়নি।
পুলিশ জানিয়েছে, জঙ্গি ও অপরাধী চক্রকে সহায়তাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তারা ঘোষণা করেছে, কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না। ইসলামাবাদে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই হামলার নিন্দা জানিয়েছেন এবং নিহত পুলিশ কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব হামলার জন্য প্রধানত তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) দায়ী করা হয়। যদিও গোষ্ঠীটি আফগান তালেবান থেকে আলাদা, তারা তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। আফগান তালেবান ২০২১ সালে আফগানিস্তানে আবারও ক্ষমতায় ফিরে আসে।
পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের তালেবান সরকার টিটিপি সদস্যদের আশ্রয় দিচ্ছে। তবে কাবুল বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
ক্রমবর্ধমান সহিংসতার কারণে পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে সম্পর্কের আরো অবনতি হয়েছে। গত বছর থেকে পাকিস্তান আফগানিস্তানের ভেতরে এবং সীমান্তবর্তী এলাকায় টিটিপির সম্ভাব্য গোপন আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন