প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে মেয়াদোত্তীর্ণ গোলাবারুদ ব্যবহার করেছে। এসব গোলাবারুদকে পুনরায় ব্যবহারের উপযোগী হিসেবে চিহ্নিত করার জন্য কোড পরিবর্তন করা হয়েছিল। মঙ্গলবার মার্কিন সিনেটে নিয়োগ নিশ্চিত করার শুনানিতে এ তথ্য প্রকাশ করেন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও।
মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’তে ব্যয়বহুল ও নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহারের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি এই তথ্য দেন।
হাং কাও বলেন, ‘অপারেশন এপিক ফিউরিতে ব্যবহৃত অনেক গোলাবারুদের কোড আমরা পরিবর্তন করেছি। সেগুলোর কোড ছিল ‘ইকো’ ও ‘ফক্সট্রট’, যা নির্দেশ করে যে গোলাবারুদগুলোর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।’ মঙ্গলবার সিনেটে তার নিয়োগ নিশ্চিতকরণ শুনানিতে ‘অপারেশন এপিক ফিউরি’র জন্য গোলাবারুদ সরবরাহ নিয়ে আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন।
কাও আরও জানান, অভিযানে ব্যবহৃত অনেক গোলাবারুদ পুরোনো মজুত থেকে সংগ্রহ করা হয়েছিল। সেগুলো সংস্কার করে পুনরায় ব্যবহারের উপযোগী করা হয়। তিনি বলেন, কিছু গোলাবারুদে ‘কোড ইকো’ ও ‘কোড ফক্সট্রট’ চিহ্ন ছিল, যা নতুন গোলাবারুদ হিসেবে চিহ্নিত করার প্রক্রিয়ার অংশ। তার একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
তিনি নিজের শৈশবের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, ‘আমি দরিদ্র পরিবারে বড় হয়েছি। তাই জানি, রুটির মেয়াদ ফুরিয়ে গেলেও তা ফেলে দিতে হয় না। সামান্য পানি ছিটিয়ে দিলেই আবার খাওয়ার উপযোগী হয়ে ওঠে।’
তিনি আরও বলেন, পুরোনো গোলাবারুদগুলোর কোড পরিবর্তন করে সেগুলো নতুনভাবে ব্যবহারের উপযোগী করা হয়েছে। এভাবেই মেয়াদোত্তীর্ণ গোলাবারুদও কাজে লাগানো সম্ভব হচ্ছে। অনেক ক্ষেপণাস্ত্রের চালিকাশক্তি হিসেবে ব্যবহৃত ‘সলিড রকেট মোটর’ পর্যাপ্ত পরিমাণে উৎপাদন করা সম্ভব হবে কি না, এমন প্রশ্নের জবাবে কাও এ মন্তব্য করেন। তিনি জানান, এ উৎপাদন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্ভাব্য সব উপায় খতিয়ে দেখছেন।
শুনানিতে কাও বেশ কয়েকজন সিনেটরের কঠিন প্রশ্নের মুখোমুখি হন। এ সময় তিনি পুরোনো সমরাস্ত্রকে ‘বাসি রুটি’র সঙ্গে তুলনা করে আলোচনার জন্ম দেন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর স্থায়ী সচিব পদে কাওয়ের মনোনয়ন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটি পর্যালোচনা করছে। জন ফেলান পদত্যাগ করার পর তিনি গত এপ্রিল থেকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ২২ এপ্রিল তিনি দায়িত্ব গ্রহণ করেন। সে সময় মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছিল। পরে সেপ্টেম্বরে হোয়াইট হাউস তার মনোনয়ন সিনেটে পাঠায়।
কাওয়ের এসব মন্তব্যের পর যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্রভান্ডারে কতটা চাপ তৈরি হয়েছে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এর আগে সিনেটের এক শুনানিতে তিনি জানিয়েছিলেন, তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্রক্রিয়া স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র। তার দাবি, ‘অপারেশন এপিক ফিউরি’র জন্য পর্যাপ্ত গোলাবারুদ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে এসব গোলাবারুদের কোনো ঘাটতি নেই।
বিশেষজ্ঞদের মতে, এ যুক্তি খুব একটা গ্রহণযোগ্য নয়। কারণ, এ ধরনের অস্ত্র বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। উল্লেখ্য, ‘অপারেশন এপিক ফিউরি’ হলো ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান। তবে কাও তার বক্তব্যে জানাননি, ঠিক কত পরিমাণ মেয়াদোত্তীর্ণ গোলাবারুদ ব্যবহার করা হয়েছে, সেগুলো কী ধরনের ছিল কিংবা নতুন করে কোড নির্ধারণের পর সেগুলোর কার্যকারিতা কেমন ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন