প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের কারণে মকবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ প্রতিপক্ষের মারপিট ও ধারালো হাঁসুয়ার আঘাতে নিহত হয়েছেন। পুলিশ এই ঘটনার পর নারীসহ ১৬ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত ফেলান উদ্দিনের পুত্র।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, ২২ শতাংশ আবাদি জমি নিয়ে দীর্ঘদিন ধরে মকবুল হোসেনের প্রতিবেশী শাহাবুদ্দিন মিয়ার পরিবারের সঙ্গে বিরোধ চলছিল। এ বিষয়টি আদালতে মামলার মাধ্যমে চলছে।
ঘটনার দিন সকালে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন মকবুল হোসেন। পথে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর আকস্মিক হামলা চালায়। হামলায় মারপিট ও ধারালো হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় পরিবারের সদস্যরা তাঁকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরও বেধড়ক মারপিট করা হয়। হামলায় মকবুলের পরিবারের বেশ কয়েকজন আহত হন। আহতদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারীসহ ১৬ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে রয়েছেন—দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামের মো. শাহাবুদ্দিন মিয়া (৬০), মো. নজরুল ইসলাম (৫০), মঞ্জু মিয়া (৪০), রেজাউল করিম (২৮), রাশেদুল ইসলাম (২৮), মো. মোকছেদুল ইসলাম (১৮), আবিল হোসেন (১৮), মিন্টু মিয়া (৩৫), মো. লিটন মিয়া (৩৫), মোছা. নিরফুল (৪০), কল্পনা বেগম (২৫), নুর ভানু (৪৫), শিল্পী বেগম (৩৫), মোছা. খোরশেদা বেগম (২৬), ফাতেমা বেগম (১৯) এবং শাবানা খাতুন (২২)।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন