প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার অবকাঠামোগত উন্নয়ন ও নগরায়ণের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। পশ্চিমা ঋণ ও শর্তযুক্ত সাহায্যের ওপর নির্ভরতা কমিয়ে এবার চীনের সঙ্গে ৫০ বিলিয়ন মার্কিন ডলারের একটি বিশাল চুক্তিতে আবদ্ধ হয়েছে জাকার্তা। এই চুক্তির আওতায়, চীনা প্রতিষ্ঠানগুলোর একটি শক্তিশালী কনসোর্টিয়াম ইন্দোনেশিয়ায় ১০টি অত্যাধুনিক ‘ফিউচার স্মার্ট সিটি’ বা স্মার্ট শহর নির্মাণ করবে।
হংকংভিত্তিক সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ এবং ইন্দোনেশিয়ার মন্ত্রিপরিষদ সচিবালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে চীনের শেনজেন শহরে অনুষ্ঠিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর উপস্থিতিতে এ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
ইন্দোনেশিয়ার সার্বভৌম সম্পদ তহবিল ‘দানান্তারা’র অধীনে প্রতিষ্ঠান ‘পিটি কোটা মাসা দেপান ইন্দোনেশিয়া’ (কেএমডিআই) এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান শানসি কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে।
২৮ কোটি ৮০ লাখ জনসংখ্যার এ দ্বীপরাষ্ট্রটিতে বিদ্যমান শহরগুলোর তীব্র যানজট ও পরিবেশদূষণ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি শহরে গড়ে প্রায় ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। এই ১০টি স্মার্ট সিটিতে প্রায় ৩০ লাখ মানুষের বসবাসের জন্য ১৫ লাখ আধুনিক আবাসন ইউনিট নির্মাণ করা হবে। এর পাশাপাশি, বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, শপিং মল এবং নেটওয়ার্ক-সংযুক্ত সেন্সর ও আধুনিক প্রযুক্তিনির্ভর অবকাঠামো গড়ে তোলা হবে।
ইন্দোনেশিয়ার বিনিয়োগমন্ত্রী ও দানান্তারার প্রধান নির্বাহী রোসান রোসলানি জানিয়েছেন, এটি দেশটির ইতিহাসের অন্যতম ঐতিহাসিক প্রকল্প হতে যাচ্ছে। আগামী ২০২৭ সালের শুরুতেই এর নির্মাণকাজ শুরুর পরিকল্পনা রয়েছে।
চীনের সঙ্গে ৭১.৮ বিলিয়ন ডলারের বৃহত্তর প্যাকেজ
এপেক সম্মেলনে ইন্দোনেশিয়া ও চীনের মধ্যে মোট ৭১.৮ বিলিয়ন মার্কিন ডলারের চারটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে ৫০ বিলিয়ন ডলারের স্মার্ট সিটি প্রকল্পই সবচেয়ে বড়। এই প্যাকেজের বাকি চুক্তিগুলোর মধ্যে রয়েছে চীনা ইলেকট্রনিকস প্রতিষ্ঠান ‘হাইসেন্স’-এর সঙ্গে উৎপাদন ও গবেষণায় ১০ বিলিয়ন ডলারের চুক্তি, অবকাঠামো অর্থায়নে ১০ বিলিয়ন ডলারের আরেকটি বিশেষ তহবিল চুক্তি এবং কয়লা থেকে ইথানল প্রযুক্তি উদ্ভাবনে ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের জ্বালানি চুক্তি।
বিশ্লেষকদের মতে, গত বছর ইন্দোনেশিয়ায় মোট যে পরিমাণ বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) এসেছিল, চীনের সঙ্গে স্বাক্ষরিত এই একক প্যাকেজ তার চেয়েও অনেক বড়। নিজ দেশে প্রায় ৫০০টি পাইলট স্মার্ট সিটি তৈরির অভিজ্ঞতা কাজে লাগিয়ে চীন যেভাবে এশিয়ার দেশগুলোর অবকাঠামো উন্নয়নে এগিয়ে আসছে, তা বিশ্ব অর্থনীতিতে বেইজিংয়ের প্রভাব বিস্তারেরই বহিঃপ্রকাশ।
তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন