প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চার সন্তানকে প্রায় তিন দিন একা রেখে লাস ভেগাসে যাওয়ার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ৫০ বছর বয়সী আইরিন মিলারের বিরুদ্ধে শিশুদের অবহেলার চারটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) এনবিসি নিউজের সূত্রে এ তথ্য প্রকাশিত হয়েছে।
স্থানীয় শেরিফের কার্যালয় জানায়, ২১ অক্টোবর কিসিমির বাড়ি থেকে এক শিশু জরুরি সেবা নম্বরে ফোন করে জানায়, ভারোত্তোলনের ওজন পড়ে গিয়ে তার ৯ বছর বয়সী ভাই আহত হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৪, ১২, ১১ ও ৯ বছর বয়সী চার শিশুকে একা পায়। সেখানে তাদের দেখাশোনার জন্য কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি উপস্থিত ছিলেন না। আহত শিশুটিকে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়, তবে তার আঘাত গুরুতর ছিল না বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।
পুলিশ জানায়, আইরিন মিলার ১৮ অক্টোবর লাস ভেগাসে গিয়েছিলেন। তিনি পুলিশকে জানান, সেখানে তিনি কাজ করছিলেন এবং ২৩ অক্টোবর ফেরার পরিকল্পনা করেছিলেন। তিনি দাবি করেন, সন্তানদের স্কুলে যাওয়ার প্রস্তুতি ও স্কুল থেকে ফেরার পর খোঁজখবর নিতে টাম্পা থেকে একজন পরিচর্যাকারী আসতেন। কিন্তু মিলার ওই ব্যক্তিকে রাতে শিশুদের সঙ্গে বাড়িতে থাকার নির্দেশ দেননি।
পরে শিশুদের তাদের বাবার বাড়িতে পাঠানো হয়। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে লাস ভেগাস থেকে ফেরার পর বিমানবন্দরে মিলারের সঙ্গে তদন্তকারীরা দেখা করেন। তাকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হলেও সোমবারের মধ্যে তিনি কারামুক্ত হন বলে কারাগারের নথিতে দেখা যায়।
স্থানীয় শেরিফ ক্রিস ব্ল্যাকমন মন্তব্য করেন, শিশুদের অবহেলার ঘটনা সহ্য করা হবে না। এ ধরনের অভিযোগের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: এনবিসি নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন