প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকার বন্ধ ও লোকসানি রাষ্ট্রীয় শিল্পগুলোকে সচল করার উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু হয়েছে। পরিকল্পনার আওতায় রাষ্ট্রায়ত্ত বন্ধ ও লোকসানি প্রতিষ্ঠানগুলোর অব্যবহৃত জমি, স্থাপনা এবং শেয়ার বিক্রির বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর ফলে এসব প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এই উদ্যোগের মাধ্যমে বেসরকারি খাতকে চাঙা করার পরিকল্পনাও রয়েছে। ইনভেস্ট বাংলাদেশ সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত আইন সংস্কারের কাজ চলছে।
এ বিষয়ে খসড়া নীতিমালা অধিকতর যাচাই ও চূড়ান্ত করার জন্য সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি নীতিনির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সভায় ‘সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানসমূহের অব্যবহৃত জমি বা স্থাপনা হস্তান্তর, শেয়ার ও স্বত্ব হস্তান্তর বা কৌশলগত বিক্রয় সংক্রান্ত নীতিমালা-২০২৬’ এর খুঁটিনাটি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। সভায় অংশগ্রহণকারী একাধিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টি এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্যে প্রাথমিকভাবে ৪৪টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়েছে। যেগুলোকে প্রথমে সরকারি-বেসরকারি যৌথ মালিকানা বা সম্পূর্ণ বেসরকারি মালিকানায় চালুর উদ্যোগ নেওয়া হবে। এই তালিকায় গত ২০ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ‘রোড শো’-তে উপস্থাপিত কোম্পানিগুলোও অন্তর্ভুক্ত রয়েছে। লক্ষ্য অর্জনের জন্য ইতোমধ্যে শিল্প মন্ত্রণালয়ের সমন্বয়ে নীতিমালার খসড়া তৈরি করেছে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ।
নীতিমালাটি চূড়ান্ত করার প্রক্রিয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে সরকারি সম্পদের আগের দায়দেনা বা ট্যাক্স বকেয়া সংক্রান্ত জটিলতার বিষয়টি উত্থাপন করা হয়েছে। বিনিয়োগকারীদের জন্য অবরুদ্ধ সম্পদে বিনিয়োগ করার ক্ষেত্রে আর্থিক আইনি ঝুঁকি এড়ানোর জন্য সম্পদ হস্তান্তরের পূর্বে সব ধরনের দায়দেনা সম্পূর্ণ পরিশোধের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তবে যদি কোনো বিশেষ ক্ষেত্রে দায়দেনার পরিমাণ সম্পদের মূল্যের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে কেস-টু-কেস ভিত্তিতে দায় মওকুফ বা পরিশোধের বিষয়ে পৃথক ব্যবস্থা নেওয়ার পক্ষেও মতামত প্রকাশ করা হয়েছে।
প্রস্তাবিত এই খসড়া নীতিমালার ওপর সুনির্দিষ্ট মতামত ও লিখিত পর্যবেক্ষণ দেওয়ার জন্য অর্থ বিভাগ, ভূমি মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে যে, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের মতামত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে পাঠানোর বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। প্রাপ্ত মতামত পরিমার্জিত ও যুগোপযোগী করার দায়িত্ব ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের ওপর দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সব মন্ত্রণালয়ের মতামত জমা হলে, নথিতে থাকা শর্তসমূহ দ্রুত সমন্বয় করে নীতিমালাটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিসভায় পাঠানো হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই নীতিমালাটি কার্যকর হলে দেশের হাজার হাজার একর অলস সরকারি জমি ও অকেজো কারখানাগুলো লাভজনক বাণিজ্যিক সম্পদে রূপান্তরিত হবে। অন্যদিকে, সুনির্দিষ্ট ও কঠোর আইনি তদারকি না থাকলে রাষ্ট্রীয় সম্পদ পানির দরে প্রভাবশালী করপোরেট সিন্ডিকেটের হাতে চলে যাওয়ার বড় ঝুঁকি তৈরি হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন