প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্ষুদ্র নারী ব্যবসায়ীদের জন্য একটি নিরাপদ, হয়রানিমুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক বাজার পরিবেশ নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং বাজার ব্যবস্থাপনা কমিটির নেতারা। তারা রাজধানীর কারওয়ান বাজারে নারী ব্যবসায়ীদের উচ্ছেদ না করে বাজারের খালি জায়গায় পুনর্বাসন এবং টোকেনের মাধ্যমে নির্দিষ্ট স্থান বরাদ্দের দাবি জানিয়েছেন। নিরাপদ কর্মপরিবেশ এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত হলে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীতে সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজ (সিডব্লিউসিএস) আয়োজিত একটি অ্যাডভোকেসি সভায় এসব দাবি ও আহ্বান জানানো হয়। ‘বাধা অতিক্রম : বাজারে ব্যবসায়রত নারীদের নেতৃত্ব বিকাশ ও অর্থনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিডব্লিউসিএস’র সভাপতি অধ্যাপক ড. ইশরাত শামীম।
তিনি উল্লেখ করেন, কারওয়ান বাজারের ক্ষুদ্র নারী ব্যবসায়ীদের নেতৃত্বের বিকাশ, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের ৩০ জন সন্তান যাতে পড়াশোনার সুযোগ পায়, সে জন্য ‘শিশুদের পাঠশালা’ চালু করে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নারী ব্যবসায়ীদের ব্যবসার সরঞ্জাম ও আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে এবং প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিত তদারকিও করা হচ্ছে।
সভায় উত্থাপিত মূল প্রবন্ধে সিডব্লিউসিএস’র প্রকল্প সমন্বয়কারী খাদিজা বেগম জানান, কারওয়ান বাজারের নারী ক্ষুদ্র উদ্যোক্তার ওপর পরিচালিত জরিপে তাদের ব্যবসা ও ব্যক্তিগত জীবনের নানা চ্যালেঞ্জ উঠে এসেছে। জরিপ অনুযায়ী, ৫৫ দশমিক ৭ শতাংশ বিবাহিত, ৩১ দশমিক ৪ শতাংশ বিধবা এবং ১১ দশমিক ৪ শতাংশ স্বামী থেকে আলাদা রয়েছেন। তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে মূলধনের সংকট, নিরাপত্তাহীনতা, চুরি ও হয়রানির মতো সমস্যার মুখোমুখি হতে হয়। নেতৃত্ব বিকাশ ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য তাদের সহযোগিতা প্রয়োজন।
সভায় নারী ব্যবসায়ীরা ফুটপাত ও বাজার থেকে উচ্ছেদ না করার জন্য এবং তাদেরকে টোকেনের মাধ্যমে নির্দিষ্ট জায়গা বরাদ্দের দাবি জানান। সবজি বিক্রেতা রুমা খান ও লাবণী আক্তার বলেন, নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হলে ছোট ছোট ব্যবসায়ীরা ব্যবসার পরিধি বৃদ্ধি করতে সক্ষম হবে।
কারওয়ান বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন তালুকদার জানান, নারী ব্যবসায়ীরা এখন একটি শৃঙ্খলার মধ্যে এসেছেন। রাস্তা থেকে তাদের উচ্ছেদ করা হলে সিটি করপোরেশন ও বাজার ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করে বাজারের খালি জায়গায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া যেতে পারে। তিনি বলেন, নারীদের পিছিয়ে রেখে কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়।
ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিডব্লিউসিসিআই) প্রকল্প সমন্বয়কারী মো. নাসির উদ্দিন বলেন, প্রান্তিক পর্যায়ের নারী ব্যবসায়ীদের মূলধারায় যুক্ত করে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। তিনি তাদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তাসহ প্রয়োজনীয় সহযোগিতায় যৌথভাবে কাজ করার আশ্বাস দেন।
সভায় আরো বক্তব্য দেন ডিডব্লিউসিসিআই’র অর্থ ব্যবস্থাপক জুলকার নাইন, কারওয়ান বাজার ব্যবস্থাপনা কমিটির সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন খান, সিডব্লিউসিএস’র কোষাধ্যক্ষ অধ্যাপক নুসরাত সুলতানা, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন ও রীতা ভৌমিক এবং ব্যবসায়ী মো নুরুজ্জামান, মনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন ও আনোয়ার হোসেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন