প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জার্মানি ইউক্রেনের জ্বালানি, তাপ ও পানি সরবরাহব্যবস্থা সচল রাখতে শীতকালীন সহায়তার অংশ হিসেবে অতিরিক্ত ২০ কোটি ইউরো প্রদান করছে। মার্কিন ডলারে এই অর্থের পরিমাণ ২২ কোটি ১০ লাখে পৌঁছায়।
শুক্রবার বার্লিনে এ ঘোষণা দেওয়া হয়েছে, যা তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়। জার্মান পার্লামেন্টের বাজেট কমিটির অনুমোদনের পর এই অর্থ ছাড় করা হচ্ছে।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, তিনি ইউক্রেনের বেসামরিক অবকাঠামোকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করছেন। ওয়াডেফুলের দাবি, এ হামলা ইউক্রেনকে আত্মসমর্পণে বাধ্য করার উদ্দেশ্যে চালানো হচ্ছে।
তিনি বলেন, "রাশিয়ার পরিকল্পিত হামলা থেকে একটাই বিষয় স্পষ্ট—গুরুতর আলোচনার পথে না হেঁটে মস্কো মনে করছে, শীতের তীব্রতা তাদের পক্ষে কাজ করবে। তবে তাদের এই হিসাব ব্যর্থ হবে। কারণ, পুতিন ইউক্রেন ও তার সহযোগীদের সহনশীলতা ও দৃঢ়তাকে এখনো অবমূল্যায়ন করছেন।"
জার্মানির উন্নয়নমন্ত্রী রিম আলাবালি রাদোভান জানিয়েছেন, বেসামরিক অবকাঠামো সুরক্ষা, ক্ষতিগ্রস্ত জ্বালানি ও পানি সরবরাহব্যবস্থা পুনরুদ্ধার এবং বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে ইউক্রেনের কর্তৃপক্ষকে সহায়তা অব্যাহত রাখবে বার্লিন।
রিম আলাবালি রাদোভান এই সহায়তাকে সংহতির নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, "এটি ইউরোপের নিরাপত্তায় অবদান রাখছে এবং ইউক্রেনীয়দের নিজ দেশে বসবাস অব্যাহত রাখতে সহায়তা করছে।"
তিনি যুদ্ধ ও দুর্ভোগের অবসান হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, "জ্বালানি খাতে যুদ্ধবিরতি হতে পারে সেই লক্ষ্যে এটি প্রথম পদক্ষেপ।"
আনাদোলু জানাচ্ছে, এ সহায়তা এমন এক সময়ে দেওয়া হচ্ছে, যখন ইউক্রেনের জ্বালানি স্থাপনা ও পানি সরবরাহব্যবস্থায় রাশিয়ার হামলা বেড়ে গেছে। এতে দেশটির লাখ লাখ বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে কিয়েভ জানিয়েছে।
এদিকে, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের অন্যতম বড় সহায়তাকারী দেশ হিসেবে জার্মানি পরিচিত। দেশটির সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ইউক্রেনকে ৪৫৭০ কোটি ইউরোর বেশি বেসামরিক সহায়তা দেওয়া হয়েছে অথবা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সামরিক সহায়তা হিসেবে জার্মানি দিয়েছে বা বরাদ্দ রেখেছে প্রায় ৫৭৮০ কোটি ইউরো। সব মিলিয়ে সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০ হাজার ৩৫০ কোটি ইউরো, যা প্রায় ১১ হাজার ৪৫০ কোটি মার্কিন ডলার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন