প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঘটনার সময় আসামি ছিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে; কিন্তু রাজশাহীর তানোর থানা পুলিশ তাকে ঘটনাস্থলে উপস্থিত দেখিয়েছে। হাফিজুর রহমান (৪০) নামের ওই ব্যক্তিকে সন্ত্রাস দমন আইনে আরেকটি মামলার এজাহারভুক্ত আসামি করা হয়।
অথচ কারাগারের প্রতিবেদন বলছে, ঘটনার বেশ কিছুক্ষণ পর তিনি জামিনে মুক্তি পান।
সূত্রমতে, গত ১৫ অক্টোবর রাত আনুমানিক ৯টা ৩৭ মিনিটে তিনি কারাগার থেকে বের হন; কিন্তু তানোর থানার ওই মামলার ঘটনা ঘটে ওই দিন রাত ৮টা ১৩ মিনিটে।
দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের পর এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে স্বপ্রণোদিত (স্যুয়োমোটো) মামলা করেছেন আদালত।
রাজশাহীর তানোর পুলিশ বাদী হয়ে হাফিজুর রহমানকে ঘটনার সময় উপস্থিত দেখিয়ে মামলার এজাহারে ৯ নম্বর আসামি করে। এ ঘটনা নিয়ে গত ১৮ অক্টোবর দৈনিক যুগান্তরে ‘ঘটনার সময় কারাগারে তবু নাম এজাহারে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
ওই সংবাদের সূত্র ধরে গত ১ নভেম্বর রাজশাহীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৬ এর বিচারক সোহানুর রহমান সোহাগ স্বপ্রণোদিত হয়ে তানোর থানা পুলিশের সংশ্লিষ্ট মামলার বাদী ও ওসির বিরুদ্ধে একটি মিস কেস করেছেন। মিস কেস নম্বর- ১/২০২৬। মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৯ নভেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন বিচারক।
সিআইডির রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার রায়হানুল ইসলাম নিশ্চিত করেছেন, তিনি সোমবার মামলাটির নথিপত্র হাতে পেয়েছেন। নির্ধারিত সময়ে আদালতে প্রতিবেদন জমা দেবেন। আদেশের কপি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি ও রাজশাহীর পুলিশ সুপারকেও পাঠানো হয়েছে।
অভিযোগে জানা গেছে, হাফিজুর রহমানের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের চন্দনকোঠা গ্রামে। তার বাবার নাম মৃত নুরুল ইসলাম। চন্দনকোঠা বটতলা বাজারে তার চুল কেনাবেচার একটি দোকান রয়েছে। তিনি গ্রামে গ্রামে মানুষের চুল কিনে অন্যত্র বিক্রি করেন।
গত ৪ সেপ্টেম্বর স্থানীয় যুবদলকর্মী ইমরান আলী হাফিজুরের দোকানে গিয়ে চাঁদা দাবি করেছিলেন। রাজি না হওয়ায় ইমরান দলবল নিয়ে হাফিজুরের দোকানটি ভাঙচুর করেন। তাকে বেদম মারধর করা হয়। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সুস্থ হয়ে আহত হাফিজুরকে অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়ে পুলিশ চলে যায়। কিছুটা সুস্থ হয়ে হাফিজুর যুবদলকর্মী ইমরানসহ ১০ জনের বিরুদ্ধে তানোর থানায় অভিযোগ দেন; কিন্তু পুলিশ হাফিজুরের অভিযোগটি মামলা আকারে গ্রহণ করেনি।
গত ২৩ সেপ্টেম্বর তানোর থানা পুলিশের একটি দল গভীর রাতে হাফিজুরকে বাড়ির দরজা ভেঙে আটক করে থানায় নেয়। ওই দিনই তাকে গত ২৬ জুন পুলিশের দায়ের করা একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান করা হয়। হাফিজুর এই মামলার এজাহারভুক্ত আসামি না হওয়ায় গত ১৫ অক্টোবর আদালত থেকে জামিন পান।
মামলার নথি বিশ্লেষণে দেখা গেছে, ১৫ অক্টোবর রাত ৮টা ১০ মিনিটে তানোরের পাগলা দেওয়ান সড়কের ওপর কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল হয়। পুলিশের দাবি, সেই মিছিলের সময় বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটে। পরদিন ১৬ অক্টোবর বিকালে তানোর থানার এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে ২২ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন। ওই মামলায় হাফিজুরকে ৯ নম্বর আসামি করা হয়। মামলায় ঘটনার সময় উল্লেখ করা হয়েছে রাত ৮টা ১০ মিনিট। হাফিজুরও মিছিলে অংশ নিয়েছিল বলে পুলিশের এজাহারে উল্লেখ করা হয়।
এদিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ফৌজিয়া আক্তার ববি জানান, গত ১৫ অক্টোবর রাতে শতাধিক আসামি কারাগার থেকে মুক্তি পান। রাত ৯টার দিকে শেষ ব্যাচে হাফিজুরসহ রাজনৈতিক মামলার ৬ আসামি মুক্তির অপেক্ষায় তার কক্ষেই ছিলেন।
তিনি বলেন, হাফিজুরসহ ছয় আসামির কাগজপত্র যাচাই-বাছাই করতে বেশ কিছুটা বেশি সময় লাগে। এটা নিশ্চিত, হাফিজুর রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন রাত সোয়া ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে। সিসিটিভিতে সময়টা আছে।
অন্যদিকে স্যুয়োমোটো মামলার আদেশে বিচারক বলেছেন, ঘটনার সঙ্গে জড়িত না থাকা সত্ত্বেও হাফিজুর রহমানকে ক্ষতিগ্রস্ত করার মানসে তার নাম সন্ত্রাস দমন আইনের মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা, সেই বিষয়ে স্বতন্ত্রভাবে তদন্ত করা আবশ্যক। কারণ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আইনানুগ কারণ ছাড়া কারো বিরুদ্ধে ফৌজদারি কার্যধারা রুজু করলে তা দণ্ডবিধির ২১১ ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া কারও ক্ষতিসাধন করার উদ্দেশ্যে সরকারি কর্মচারী কোনো অশুদ্ধ দলিল প্রস্তুত করলে তা দণ্ডবিধির ১৬৭ ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধ এবং কারো ক্ষতিসাধন করার উদ্দেশ্যে সরকারি কর্মচারী আইন অমান্য করলে তা দণ্ডবিধির ১৬৬ ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হয়।
আদেশে আরও বলা হয়েছে- এই আদালত ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৯০(১)(সি) ধারার বিধানমতে ওই সব অপরাধ আমলে নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত। ফলে ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাসহ সুনির্দিষ্ট ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণপূর্বক বিচারের আওতায় আনার লক্ষ্যে এই স্যুয়োমোটো মামলা করা হলো। মামলাটি তদন্ত করে আগামী ২৯ নভেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে রাজশাহী সিআইডির এসপিকে নির্দেশ দেওয়া হলো।
আদালত সূত্রে আরও জানা গেছে, ঘটনাস্থলে উপস্থিত না থেকেও সন্ত্রাস দমন আইনের যে মামলায় হাফিজুরকে আসামি করা হয়েছিল, সেই মামলাতেও গত ১ নভেম্বর জামিন পেয়েছেন তিনি।
মামলার বাদী তানোর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় হাফিজুরসহ ২২ জনকে আসামি করেছিলেন। ঘটনার সময় হাফিজুর কারাগারে থাকলেও তাকে আসামি করার ব্যাপারে জানতে চাইলে সোমবার তিনি বলেন, ‘আমি ডিউটিতে ছিলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা করতে হয়েছে।’ তবে স্বপ্রণোদিত হয়ে আদালত যে মামলা করেছেন, সেই বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন