প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় একটি বহুতল ভবনের নিচতলার কক্ষ থেকে মোহাম্মদ শাহবাজ (২৬) নামে এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে দক্ষিণ বনশ্রীর এফ ব্লকের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে, মৃত্যুর পূর্বে তিনি একটি চিরকুট লিখে গেছেন। ওই চিরকুটে বাংলাদেশ ও পাকিস্তানের দুটি মোবাইল নম্বর উল্লেখ করে মৃত্যুর পর ওই নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।
নিহত শাহবাজ পাকিস্তানের মুলতান জেলার জালালপুর এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম নাজির আহমেদ। তিনি দক্ষিণ বনশ্রীর এফ ব্লকের ৯/৫ নম্বর সড়কের ৩৮ নম্বর বাড়ির নিচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন। স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় ব্যবসায়ী শাহবাজ বিদেশে লোক পাঠানোর কাজে যুক্ত ছিলেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে স্ত্রীকে সঙ্গে নিয়ে শাহবাজ ওই ভবনের একটি কক্ষ ভাড়া নেন। সেখানে সাত থেকে আট দিন একসঙ্গে বসবাসের পর তার স্ত্রী চলে যান। এরপর থেকে শাহবাজ ওই কক্ষে একাই থাকতেন। জানা গেছে, তার স্ত্রী চট্টগ্রামের মারমা জনগোষ্ঠীর একজন নারী, তবে তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, স্ত্রীর সঙ্গে শাহবাজের আগেই বিবাহবিচ্ছেদ হয়েছিল।
এদিকে, শাহবাজ বিদেশে লোক পাঠানোর ব্যবসার সঙ্গে জড়িত থাকায় তার কাছে বেশ কয়েকজনের টাকা পাওনা ছিল বলে জানা গেছে। তবে কতজন তার কাছে টাকা পেতেন কিংবা পাওনা টাকার পরিমাণ কত, তা নিশ্চিত হওয়া যায়নি।
মৃত্যুর আগে শাহবাজের লিখে যাওয়া একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে বাংলাদেশ ও পাকিস্তানের দুটি মোবাইল নম্বর উল্লেখ রয়েছে। এর একটি বাংলাদেশে থাকা তার সাবেক স্ত্রীর এবং অন্যটি পাকিস্তানে থাকা তার ভাইয়ের বলে জানা গেছে। মৃত্যুর পর লাশের বিষয়ে ওই দুটি নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে চিরকুটে। তবে বাংলাদেশে থাকা তার সাবেক স্ত্রীর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
খিলগাঁও থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে ভবনের নিচতলার একটি কক্ষে শাহবাজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান লোকজন। পরে ভবনের দারোয়ান থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে শাহবাজ আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন