প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার পিংক বাসের সবচেয়ে জনপ্রিয় ও দক্ষ চালক ফুলতলার সুপ্রিয়া কুণ্ডু। ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল তার, মানুষের সেবা করার জন্য, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনি চালক হিসেবে মানুষের সেবা করছেন। পিংক বাসের চালক হিসেবে কাজ করতে পেরে তিনি অত্যন্ত খুশি। গাড়ির রঙ এবং তার পোশাক দুটিই তার কাছে খুব পছন্দের। নিয়মিত বেতন পাচ্ছেন এবং সংসারের একমাত্র উপার্জনকারী হিসেবে সংসারের হাল ধরেছেন। বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনের কাছ থেকে পাচ্ছেন ব্যাপক উৎসাহ।
খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের মাখন লাল কুণ্ডু ও শ্যামলী রানী কুণ্ডুর মেয়ে সুপ্রিয়া কুণ্ডু। তার বয়স ২৭ বছর। বাবা ছিলেন কাঠ ব্যবসায়ী এবং ১৭ বছর আগে তিনি মারা যান। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে ভাই সবার ছোট। সুপ্রিয়া সেজো বোন। বাবার মৃত্যুর পর সংসারের একমাত্র উপার্জনকারী হিসেবে সব স্বপ্নই মিথ্যা হয়ে যায়। খুলনা সরকারি আজম খান কমার্স কলেজ থেকে এমবিএ পাস করার পর চাকরি খুঁজতে থাকেন। চাকরি না পেয়ে ২০২২ সালে খুলনা টিটিসিতে মিলন স্যারের কাছে ড্রাইভিং শেখেন। বিদেশে গিয়ে গাড়ি চালানোর ইচ্ছা ছিল, কিন্তু বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ ও ড্রাইভিং ভিসার জটিলতা তার স্বপ্ন ভেঙে দেয়। হতাশ হয়ে পড়েন তিনি।
এরপর ২০২৪ সালে খুলনার শিরোমণিতে বিআরটিসির রাজু মোল্লা স্যারের মাধ্যমে তিনি সেখানে চাকরি পান। এ সময় তিনি বড় গাড়ি চালানো ও শেখানোর কাজ শুরু করেন। পিংক বাস চালানোর জন্য তাকে ঢাকার গাজীপুরে ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়। সেখানে তিনি সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন। বিআরটিসির সব স্যার তার প্রশংসা করেন এবং তাকে এক নামেই চেনেন। তাকে বোঝানো হয় ঢাকার রাস্তায় চালানোর জন্য বিআরটিসির ডাবল ডেকার বাস। কথা বলার সময় মাঝে মাঝে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করছিলেন।
আমার দেশকে সুপ্রিয়া কুণ্ডু বলেন, "প্রথম যেদিন যাত্রী নিয়ে গাড়ির স্টিয়ারিং ধরলাম, সেটা ছিল এক ভিন্ন অভিজ্ঞতা। নারীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে পারাই নিজের কাজের সবচেয়ে বড় আনন্দ ও গর্ব বলে তিনি মনে করেন।" তিনি আরও বলেন, "একসঙ্গে এতগুলো যাত্রী নিয়ে চালানোয় একটু ভয়, একটু সাহস আর একটু অভিজ্ঞতা কাজ করেছে।"
সুপ্রিয়া বলেন, "প্রথম দিন বাস নিয়ে রাস্তায় বের হলে অনেকেই আজেবাজে মন্তব্য করেন। অনেকেই ভিডিও করেছেন, কেউ কেউ উৎসাহ দিয়েছেন। তবে কোনো দিকে কান না দিয়ে সতর্কতার সঙ্গে যাত্রীদের নিরাপদে পৌঁছে দিতে পেরে খুব আনন্দ পাই।" এখন তিনি পেশা হিসেবে গাড়ি চালানোকে বেছে নিয়েছেন এবং সামনে বিআরটিসির ইলেকট্রিক বাস চালু হলে সেখানে কাজ করবেন বলে আশা করেন। প্রতিদিন সকাল ৮টায় যাত্রাবাড়ী থেকে বাস নিয়ে যাত্রা শুরু করেন। পথে ডেমরা, স্টাফ কোয়ার্টার ও সচিবালয় হয়ে মতিঝিল বাস ডিপোতে পৌঁছান। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেন এবং খাওয়াদাওয়া করেন। বিকাল ৪টায় আবার বাস নিয়ে যাত্রা শুরু করে যাত্রাবাড়ীতে ফিরে আসেন। সব যাত্রী নামিয়ে দেওয়ার পর ফিলিং স্টেশন থেকে বাসে তেল ভরেন। এরপর বাসটি যাত্রাবাড়ী ডিপোতে রাখেন এবং সারা দিন বাস থেকে আদায় করা ভাড়ার টাকা বিআরটিসিতে জমা দেন। অবশেষে তিনি বাড়ি ফেরেন।
তাকে নিয়ে গাড়িতে মোট পাঁচজন স্টাফ থাকেন। ঢাকার বিভিন্ন জায়গায় বিআরটিসির ডিপো রয়েছে। গাড়িতে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে মেকানিকরা এসে ঠিক করে দিয়ে যান। অন্য গাড়ির চালক ও হেলপাররা প্রথমে তাদের আড়চোখে দেখলেও এখন খুব ভালো ব্যবহার করেন। তিনি বলেন, "রাস্তার সার্জেন্টরা তাদের খুবই সম্মান করেন এবং সালাম দেন। গাড়ির সামনে রিকশা বা অটো থাকলে দ্রুত সরিয়ে দিয়ে আমাদের গাড়িকে যেতে সাহায্য করেন।" তাকে মাসিক বেতন দেওয়া হয় এবং তিনি এতে খুশি। নারীদের জন্য এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য তিনি বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন