প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ব্র্যান্ডনে সিটিব্যাংকের একটি অফিসে গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) অফিসের ক্যাফেটেরিয়ায় এক নিরাপত্তাকর্মী হামলাকারীকে বাধা দেওয়ার চেষ্টা করলে গোলাগুলির ঘটনা ঘটে। এতে নিরাপত্তাকর্মীসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হিলসবরো কাউন্টি শেরিফ অফিসের চিফ ডেপুটি ফ্রাঙ্ক লোসাট এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেন। তিনি জানান, হামলাকারী নিরাপত্তাকর্মীর মুখোমুখি হওয়ার আগে প্রতিষ্ঠানের ভেতরে আরেকজনকে গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। পরে নিরাপত্তাকর্মীর সঙ্গে হামলাকারীর গুলিবিনিময় ঘটে, যার ফলে নিরাপত্তাকর্মী আহত হন। সামান্য আঘাত পাওয়ায় আরও চারজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
ঘটনার পর সিটিব্যাংকের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের ফোনে জননিরাপত্তা সতর্কবার্তা পাঠানো হয়। এতে সক্রিয় বন্দুকধারীর উপস্থিতির বিষয়ে সবাইকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
হিলসবরো কাউন্টি শেরিফ অফিসের এক মুখপাত্র জানান, একটি সক্রিয় হুমকির খবর পেয়ে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। তবে সাধারণ মানুষের জন্য বর্তমানে আর কোনো হুমকি নেই।
ডাগ মেরিট নামের এক ব্যক্তি জানান, তার ছেলে সিটিব্যাংকের ভবনের ভেতরে ছিলেন। গুলির শব্দ শুনে ভবন থেকে বেরিয়ে এসে ছেলেটি তাকে ফোন করে বিষয়টি জানায়।
অ্যাসোসিয়েটেড প্রেসকে মেরিট বলেন, তার ছেলে গুলির ঘটনার খুব কাছাকাছি ছিলেন। প্রাণ বাঁচাতে নিজের সব জিনিসপত্র ফেলে রেখেই সেখান থেকে বেরিয়ে আসেন। দুর্বল ইন্টারনেট সংযোগের কারণে ছেলের সঙ্গে যোগাযোগ করতে সমস্যা হচ্ছিল। ফলে প্রায় এক ঘণ্টা তিনি ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।
হামলার কারণ সম্পর্কে কর্তৃপক্ষ এখনো বিস্তারিত কিছু জানায়নি। সিটিব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, ফ্লোরিডায় তাদের কার্যালয়ে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে তারা অবগত রয়েছে এবং এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, ব্র্যান্ডনে সিটিব্যাংকের চারটি তিনতলা অফিস ভবন রয়েছে। সেখানে প্রতিষ্ঠানটির হাজার হাজার কর্মী কাজ করেন। ব্র্যান্ডন শহরটি টাম্পার কেন্দ্রস্থল থেকে প্রায় ১৩ মাইল পূর্বে অবস্থিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন