প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ক্রিকেট ক্যারিয়ারের শেষ পর্যায়ে পৌঁছেছেন। তবে তিনি এখনও খেলাটিকে সম্পূর্ণভাবে বিদায় জানাননি। এর মধ্যেই রাজনীতির মাঠে প্রবেশ করেছেন তিনি। শনিবার, তিনি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদান করেন।
রাজনীতিতে তার যোগদান শুধু সীমাবদ্ধ নয়, বিজেপি তাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও প্রদান করেছে। তিনি দলের অনগ্রসর শ্রেণি শাখা বা ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে স্থান পেয়েছেন।
সম্প্রতি, চাহাল বিজেপির ওবিসি মোর্চার জাতীয় সভাপতি অমরপাল মৌর্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এর পরেই তিনি দলটিতে যোগ দেন। তাকে দিল্লির প্রতিনিধি হিসেবে জাতীয় কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলে স্থান পাওয়ার পর, সামাজিক যোগাযোগমাধ্যমে চাহাল তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন এবং ওবিসি মোর্চার সভাপতি অমরপাল মৌর্যকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘বিজেপি পরিবারের অংশ হওয়ার সুযোগ ও সম্মান দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন এবং ওবিসি মোর্চার জাতীয় সভাপতি অমরপাল মৌর্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’
চাহালের পাশাপাশি, বিজেপি ওবিসি মোর্চার বিভিন্ন পদে আরও কয়েকজনকে নিয়োগ দিয়েছে। আসামের জোগেন মোহন, ওডিশার মমতা মহান্ত, উত্তর প্রদেশের সঙ্গম লাল গুপ্ত, মহারাষ্ট্রের বাবানরাও রাওজি চৌধুরী, দিল্লির সত প্রকাশ রানা, বিহারের অর্জুন সাহনি এবং উত্তর প্রদেশের সংগীতা বলবন্ত বিন্দকে জাতীয় সহসভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে।
দিল্লির গজেন্দ্র যাদব, কর্ণাটকের প্রমোদ মাধবরাজ এবং ছত্তিশগড়ের ললিত চন্দ্রকর পেয়েছেন জাতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব। এছাড়া, সাতজন জাতীয় সম্পাদক এবং বিভিন্ন রাজ্যের ৩৭ জনকে জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনের নির্দেশে এসব নিয়োগ কার্যকর করা হয়েছে। অমরপাল মৌর্য জানিয়েছেন, নতুন দায়িত্বগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
১৯৯০ সালে জন্মগ্রহণ করা চাহাল ভারতের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন। ২০১৬ সালে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। তিনি ভারতের হয়ে ৭২টি ওয়ানডেতে ১২১টি এবং ৮০টি টি-টোয়েন্টিতে ৯৬টি উইকেট নিয়েছেন। ২০১৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ২৫ রানে ৬ উইকেট নিয়ে তিনি সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন।
টি-টোয়েন্টি ক্রিকেটে চাহালের বিশেষ কীর্তি রয়েছে। তিনি ৪০০ উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার। আন্তর্জাতিক ক্রিকেটের আগে, তিনি প্রতিযোগিতামূলক দাবাও খেলেছেন।
আইপিএলে চাহাল মুম্বাই ইন্ডিয়ানস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন। ২০২৫ মৌসুমের আগে ১৮ কোটি রুপিতে তাকে দলে নেয় পাঞ্জাব। ঘরোয়া ক্রিকেটে তিনি হরিয়ানার প্রতিনিধিত্ব করেন। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে কেন্ট ও নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে খেলেছেন এই লেগ স্পিনার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন