প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় মকবুল হোসেন (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং ১০ জন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৬ জনকে আটক করেছে পুলিশ, যাদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত ফেলান মিয়ার ছেলে। আহতদের মধ্যে রয়েছেন মো. একাব্বর হোসেন, মো. হায়দার আলী, মো. আব্দুল জলিল মিয়া, মো. সুজা মিয়া, মো. ছামিউল ইসলাম, মো. ময়নুল হোসেন, মো. শাহাবুদ্দিন, মো. লিটন মিয়া, মো. নজরুল ইসলাম ও মো. মিন্টু মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই মাস ধরে ছাতিনামারী গ্রামের মকবুল হোসেনের সঙ্গে প্রতিবেশী মো. শাহাবুদ্দিনের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার ফজরের নামাজের পর উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় শাহাবুদ্দিনের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মকবুল হোসেনসহ তার লোকজনকে আক্রমণ করে। এ সময় ঘটনাস্থলেই মকবুল হোসেন নিহত হন এবং অন্তত ১০ জন আহত হন।
ঘটনার খবর পেয়ে কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাৎক্ষণিকভাবে ১৬ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে রয়েছেন রাশেদুল ইসলাম (২৮), রেজাউল করিম (২৮), মোকছেদুল ইসলাম (১৮), আবিল হোসেন (১৮), মিন্টু মিয়া (৩৫), মঞ্জু মিয়া (৪০), লিটন মিয়া (৩৫), নজরুল ইসলাম (৫০), শাহাবুদ্দিন (৬০), নিরফুল বেগম (৪০), কল্পনা বেগম (২৫), নুর ভানু (৪৫), শিল্পী বেগম (৩৫), খোরশেদা বেগম (২৬), ফাতেমা বেগম (১৯) ও শাবানা খাতুন (২২)। এরা সবাই দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামের বাসিন্দা।
নিহতের ছোট ছেলে মো. সুজা মিয়া জানান, শাহাবুদ্দিনের লোকজন নির্মমভাবে তার বাবার মাথায় আঘাত করে তাকে হত্যা করেছে। তিনি হত্যাকারীদের ফাঁসি দাবি করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৬ জনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় ব্যবহৃত লাঠিসোঁটা, ধারালো ছোরা ও শাবল উদ্ধার করেছে পুলিশ। মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন