প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংসদ ভবন, ১২ নভেম্বর, ২০২৬ : বর্তমান সরকারের অধীনে ১ হাজার ৩৪৪ জন সাংবাদিককে ৬ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকার কল্যাণ অনুদান প্রদান করা হয়েছে।
একই সময়ে, ২০২৫-২৬ অর্থবছরে সাংবাদিক পরিবারের ৪০২ জন শিক্ষার্থীকে ৭৩ লাখ ২৬ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে বলে জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
আজ সংসদে সরকারি দলের সংরক্ষিত মহিলা আসন-১০ এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনিরের লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমানের পক্ষ থেকে তিনি এই তথ্য প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, আর্থিক নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে। এ উদ্দেশ্যে ২০১৪ সালে আইন প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ২০১৬ সালের ১৩ এপ্রিল বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিধিমালা, ২০১৬ গেজেট আকারে প্রকাশিত হয়।
তিনি আরও জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অসচ্ছল, অসুস্থ, দুর্ঘটনায় আহত, কর্মহীন ও মৃত্যুবরণকারী সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। বিশেষত সাংবাদিকদের মৃত্যু, গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা ও আর্থিক অসচ্ছলতার ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা অনুযায়ী কল্যাণ অনুদান প্রদান করা হয়।
মন্ত্রী বলেন, সাংবাদিক পরিবারের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষাবৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি করোনাকালীন সংকট, জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট শহীদ সাংবাদিকদের পরিবার এবং সাহসী সাংবাদিকদের আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদানের কার্যক্রমও গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিধিমালা, ২০১৬ অনুযায়ী আবেদন যাচাই-বাছাই, প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা এবং উপযুক্ত কর্তৃপক্ষ ও ট্রাস্টি বোর্ডের অনুমোদনক্রমে অনুদান প্রদান করা হয়। অনুদান বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য উপকারভোগীদের ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্তমান সরকারের সময়ে ১ হাজার ৩৪৪ জন সাংবাদিককে ৬ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকার কল্যাণ অনুদান প্রদান করা হয়েছে। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরে ৪০২ জন শিক্ষার্থীকে মোট ৭৩ লাখ ২৬ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
তিনি জানান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে মোট ১৯ হাজার ৩২১ জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে কল্যাণ অনুদান, শিক্ষাবৃত্তি, স্টাইপেন্ড, করোনাকালীন আর্থিক সহায়তা, জুলাই শহীদ ও সাহসী সাংবাদিকদের আর্থিক সহায়তা এবং সম্মাননাসহ সর্বমোট ৬৭ কোটি ১৪ লাখ ১৭ হাজার টাকার বিতরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন