প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার পূর্বধলা বাজারের ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, যানজট নিরসন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি উঠেছে। বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে এসব দাবি তুলে ধরেন স্থানীয় ব্যবসায়ীরা।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে পূর্বধলা পাটবাজারে বাজার বণিক সমিতির নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সাধারণ সভায় এসব দাবি জানানো হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম ও পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
সভায় সভাপতিত্ব করেন বাজার বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল গফুর। সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ইশতিয়াক আহামেদ বাবু।
সভায় ব্যবসায়ীরা বাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, বাজারের পরিবেশ উন্নত করতে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, যানজট নিরসন এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা জরুরি। এ ছাড়া রাতের পাহারা জোরদার, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, যানজট কমাতে নির্ধারিত স্ট্যান্ড নির্মাণ এবং কাঁচাবাজার স্থানান্তরের বিষয়েও আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আবু তাহের তালুকদার বলেন, নবগঠিত কমিটিকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বাজারের সার্বিক উন্নয়নে কাজ করতে হবে। ব্যবসায়ীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে জন্য নিরাপত্তা জোরদার ও নিয়মিত পাহারার ব্যবস্থা নিশ্চিত করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। নতুন কমিটি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও বাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ইউএনও শফিকুল ইসলাম বলেন, বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবে উপজেলা প্রশাসন। ব্যবসায়ীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তাসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
তিনি বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপন, যানজট নিরসনে স্ট্যান্ড স্থাপন ও কাঁচাবাজার স্থানান্তরসহ বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, রুহুল আমিন ফকির, হাবিবুর রহমান হাবিব, আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা বিএনপির সদস্য আশরাফ উদ্দিন তালুকদার, পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল, ধান ব্যবসায়ী তরুণ কুমার রায়সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতারা।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে বাজারের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাজারের পরিবেশ ও ব্যবসাবান্ধব কার্যক্রম আরও উন্নত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন