প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিয়ের বয়স হয়ে গেছে, এবং নিজের সংসার গড়ার স্বপ্ন রয়েছে। কিন্তু মনের মতো পাত্র পাওয়া যাচ্ছে না! কারণ, গ্রামে পুরুষের সংখ্যা তুলনামূলক কম। তবে বিয়ের ক্ষেত্রে একটি বিশেষ শর্ত রয়েছে যে, বিয়ের পর গ্রাম ছেড়ে অন্য কোথাও যাওয়া যাবে না, বরং স্বামীকে স্ত্রীর সঙ্গে এসে থাকতে হবে। শুনতে অবাক লাগলেও, ব্রাজিলের পাহাড়ঘেরা নোইভা দো কোরদেইরো গ্রামকে ঘিরে দীর্ঘদিন ধরে এমন গল্প প্রচলিত রয়েছে।
তবে বাস্তবতা কিছুটা ভিন্ন। গ্রামটি মোটেও পুরুষশূন্য নয়। বরং এখানে নারী ও পুরুষের সংখ্যা প্রায় সমান। পুরুষদের একটি বড় অংশ কাজের প্রয়োজনে গ্রামের বাইরে থাকায় এমন ধারণার সৃষ্টি হয়েছে।
যেভাবে গড়ে ওঠে নোইভা দো কোরদেইরো
ব্রাজিলের মিনাস জেরাইস রাজ্যে অবস্থিত নোইভা দো কোরদেইরোর ইতিহাস শুরু হয় উনিশ শতকের শেষ দিকে। প্রচলিত ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, ১৮৯১ সালের দিকে মারিয়া সেনহোরিনা দে লিমা পরিবারের সিদ্ধান্তে বিয়ে করলেও সেই দাম্পত্য জীবন মেনে নিতে পারেননি। বিয়ের কয়েক মাসের মধ্যেই তিনি স্বামীর সংসার ছেড়ে ভালোবাসার মানুষ ফ্রান্সিসকো ফার্নান্দেসের সঙ্গে চলে যান।
তৎকালীন রক্ষণশীল সমাজ তাদের সম্পর্ক মেনে নেয়নি। স্থানীয় ক্যাথলিক গির্জার বিরোধিতা ও সামাজিক বঞ্চনার মুখে তারা লোকালয় থেকে দূরে নতুন করে বসতি গড়ে তোলেন। পরবর্তী সময়ে তাদের পরিবার ও বংশধরদের পাশাপাশি সমাজের নানা কারণে উপেক্ষিত মানুষও সেখানে বসবাস শুরু করেন। এভাবেই ধীরে ধীরে গড়ে ওঠে নোইভা দো কোরদেইরো।
নারীদের নেতৃত্বে গড়ে ওঠা সমাজ
এই গ্রামের অন্যতম বৈশিষ্ট্য হলো সম্মিলিত জীবনযাপন এবং নারীদের সক্রিয় নেতৃত্ব। কৃষিকাজ, উৎপাদন, রান্নাবান্না, ঘরবাড়ির দেখাশোনা থেকে শুরু করে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় সব ক্ষেত্রেই নারী-পুরুষ একসঙ্গে কাজ করেন।
নারীরা শুধু পারিবারিক দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নন। কৃষিকাজের পাশাপাশি নিজেদের উৎপাদিত ফলমূল, শাকসবজি, মসলা ও ঘরোয়া খাবার বিক্রি করে অর্থনৈতিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গ্রামের সম্পদ ও বিভিন্ন উদ্যোগ পরিচালনায় রয়েছে সম্মিলিত অংশগ্রহণ।
মিনাস জেরাইস রাজ্যের পর্যটনবিষয়ক সরকারি ওয়েবসাইটেও গ্রামটিকে নারীদের নেতৃত্ব ও সম্মিলিত শ্রমের ভিত্তিতে গড়ে ওঠা একটি ব্যতিক্রমী সম্প্রদায় হিসেবে তুলে ধরা হয়েছে।
সত্যিই কি পাত্রের অভাবে বিয়ে হচ্ছে না?
নোইভা দো কোরদেইরো নিয়ে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হলো, এখানে অবিবাহিত নারীর সংখ্যা অনেক বেশি। বিয়ের জন্য পাত্র পাওয়া কঠিন। এমনকি কেউ বিয়ে করতে চাইলে স্বামীকে স্ত্রীর গ্রামেই এসে বসবাস করতে হয়।
তবে এসব দাবির সবটুকু সত্য নয়। ২০২৩ সালে ন্যাশনাল জিওগ্রাফিকের এক প্রতিবেদনে উঠে আসে, গ্রামটিতে নারী ও পুরুষের সংখ্যা প্রায় সমান। প্রায় ৩৫০ মানুষের বসবাস এই সম্প্রদায়ে। পুরুষদের অনেকেই কাজের প্রয়োজনে সপ্তাহের বেশির ভাগ সময় গ্রামের বাইরে কাটান। ছুটির দিনে ফিরে আসেন পরিবারের কাছে। ফলে বাইরে থেকে গ্রামটিকে নারীদের আধিক্যের জায়গা বলে মনে হতে পারে।
একই বছর ব্রাজিলের সংবাদমাধ্যম ফোলহা দে সাও পাওলোও জানায়, দীর্ঘদিন ধরে প্রচারিত অবিবাহিত নারীদের গ্রাম ও পাত্রের সংকটের গল্পের বড় একটি অংশ ভুয়া খবরের মাধ্যমে জনপ্রিয় হয়েছিল। এমনকি এসব খবরের প্রভাবে বিদেশ থেকেও অনেক পুরুষ বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন।
পুরুষের সংখ্যা কম হওয়ার পেছনে কী কারণ?
গ্রামের পুরুষের সংখ্যা তুলনামূলক কম হওয়ার পেছনে অন্যতম কারণ কর্মসংস্থান ও জীবনযাত্রা। গ্রামের অনেক ছেলে বড় হওয়ার পর কাজের সন্ধানে অন্য এলাকায় চলে যান। কেউ কেউ সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন, এমনকি বিয়ে করে নিজেদের সংসারও গড়ে তোলেন। অন্যদিকে অনেক নারী নিজেদের পরিচিত পরিবেশ, পরিবার ও সম্প্রদায়ের সঙ্গে থাকতে পছন্দ করেন।
এ ছাড়া গ্রামের নারীদের মধ্যে স্বাধীনভাবে জীবনযাপন এবং নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেওয়ার প্রবণতাও বেশ গুরুত্বপূর্ণ। বিয়ে না করাকে তারা জীবনের অপূর্ণতা হিসেবে দেখেন না। এটি তাদের কাছে একান্তই ব্যক্তিগত পছন্দের বিষয়।
বিয়ের চেয়েও বড় স্বাধীনভাবে বেঁচে থাকার গল্প
নোইভা দো কোরদেইরোর প্রকৃত পরিচয় কেবল পাত্রের সংকটে থাকা কোনো গ্রাম নয়। বরং সামাজিক ও ধর্মীয় বঞ্চনার মুখে নিজেদের মতো করে একটি সমাজ গড়ে তোলার ইতিহাস।
একসময় যে নারীকে প্রচলিত সামাজিক নিয়মের বাইরে গিয়ে জীবন বেছে নেওয়ার কারণে অপমানিত হতে হয়েছিল, তার নামের সঙ্গে জড়িয়ে আছে আজকের এই স্বতন্ত্র সম্প্রদায়ের ইতিহাস। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার মানুষ পারস্পরিক সহযোগিতা, সম্মিলিত শ্রম ও স্বাধীনভাবে বেঁচে থাকার চর্চা করে আসছেন।
তাই ব্রাজিলের এই গ্রামকে কেবল ‘অবিবাহিত নারীদের গ্রাম’ কিংবা ‘পাত্রের সংকটে থাকা গ্রাম’ হিসেবে পরিচয় করিয়ে দিলে এর প্রকৃত ইতিহাস আড়াল হয়ে যায়। পুরুষের অভাবের গল্প যতটা আলোচিত, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ নারীদের নেতৃত্ব, আত্মপরিচয় এবং নিজেদের মতো করে সমাজ গড়ে তোলার ব্যতিক্রমী ইতিহাস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন