প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে এস আলম গ্রুপের অধীনে নিয়োগপ্রাপ্ত ১০ হাজার ৮৩২ জনের মধ্যে ৮ হাজার ৫৪২ জনকে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই জীবনবৃত্তান্তের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগপ্রাপ্তদের অধিকাংশের বাড়ি চট্টগ্রাম জেলায় অবস্থিত। পটিয়া উপজেলার অধিবাসী ৫ হাজার ১৪৮ জন রয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শন প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ব্যাংকটির নিয়োগ প্রক্রিয়া এবং ৫ আগস্টের পর ছাঁটাই প্রক্রিয়ায় নিয়মাবলী মানা হয়েছিল কি না, তা যাচাই করার জন্য চলতি বছরের এপ্রিল মাসে কেন্দ্রীয় ব্যাংক সাত সদস্যের একটি কমিটি গঠন করে। নির্বাহী পরিচালক আরিফুজ্জামানের নেতৃত্বে গঠিত কমিটি সম্প্রতি প্রতিবেদনটি গভর্নর মো. মোস্তাকুর রহমানের কাছে জমা দিয়েছে।
প্রতিবেদনটিতে কোনো সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়নি, বরং নিয়োগ ও পরবর্তী ছাঁটাইয়ের ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩১ আগস্ট ইসলামী ব্যাংকের মোট কর্মী সংখ্যা ছিল ২১ হাজার ৫৫১ জন। এর মধ্যে ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ১০ হাজার ৮৩২ জনকে নিয়োগ দেওয়া হয়, যাদের মধ্যে ৮ হাজার ৫৪২ জনের নিয়োগে কোনো বিজ্ঞপ্তি বা প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
চট্টগ্রামের বাসিন্দা ৮ হাজার ৯৯ জন, কক্সবাজারের ৩৯৮, কুমিল্লার ১১৪, ময়মনসিংহের ৯৯, বগুড়ার ৯৭ এবং ঢাকার ৯৬ জন রয়েছেন। রাজশাহী থেকে ৮৩, যশোর থেকে ৭৮, গাইবান্ধা থেকে ৭৫ ও রংপুর থেকে ৬৬ জন নিয়োগ পেয়েছেন।
জীবনবৃত্তান্ত জমার বাক্স
প্রতিবেদন অনুযায়ী, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের পটিয়ার বাড়ি এবং চট্টগ্রামের আসাদগঞ্জ কার্যালয়ে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য বাক্স রাখা হতো। এসব বাক্সে পদ, এলাকা ও নারী-পুরুষের আলাদা পরিচিতি উল্লেখ থাকত। কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল দৈবচয়নের ভিত্তিতে ওই সময়ে নিয়োগ পাওয়া ঢাকায় কর্মরত ১০ কর্মকর্তার লিখিত বক্তব্য গ্রহণ করে। তারা জানিয়েছেন, সাইফুল আলমের বাড়ি ও আসাদগঞ্জ অফিসের বাক্সে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার পর সেখানেই তাদের মৌখিক পরীক্ষা ও নিয়োগ দেওয়া হয়। এমনকি ১০ জনের মধ্যে দুজনের কোনো মৌখিক পরীক্ষাই হয়নি।
২৭ পদে নিয়োগ
পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই মোট ২৭টি পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে ২ হাজার ৭৮৯ জন এবং ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে ২ হাজার ১৬০ জন নিয়োগ পেয়েছেন। মেসেঞ্জার কাম গার্ড পদে ১ হাজার ৫৪৪ জন, আরডিএস প্রকল্পে ৯১৫ জন এবং ট্রেইনি জুনিয়র অফিসার পদে ৫০১ জন নিয়োগ দেওয়া হয়েছে।
উচ্চপর্যায়ের পদেও একই ধরনের অনিয়মের তথ্য কেন্দ্রীয় ব্যাংক পেয়েছে। বিজ্ঞপ্তি ছাড়াই দুজন এমডি, আটজন ডিএমডি, দুজন এসইভিপি এবং একজন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল নিয়োগ দেওয়া হয়েছে। পাঁচ ইভিপির মধ্যে চারজনকেও বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের বিধান অনুযায়ী, ডিএমডি হতে অন্তত ২০ বছরের অভিজ্ঞতা এবং আগের পদে দুই বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রতিবেদনে বলা হয়েছে, এ শর্ত পূরণ না করেই এস আলমের পিএস আকিজ উদ্দিনকে আট বছরের এবং মিফতাহ উদ্দীনকে ১৭ বছরের ব্যাংকিং অভিজ্ঞতায় ডিএমডি করা হয়েছে।
প্রবেশনারি অফিসার নিয়োগেও প্রশ্ন
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসারের চারটি ব্যাচ নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ২০১৯ সালের ২৪তম ব্যাচে ১৯০ জনকে বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে ১২ জন কোনো লিখিত পরীক্ষাতেই অংশ নেননি। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৮৪০ জনের জীবনবৃত্তান্ত প্রধান কার্যালয়ে পাঠানো হয়। লিখিত পরীক্ষায় অংশ নেন ৭৬৩ জন। এর মধ্যে মাত্র ৩৬ জন ৫০ শতাংশের বেশি নম্বর পান। পরে নম্বরের শর্ত শিথিল করে ২০ শতাংশ নম্বর পাওয়া প্রার্থীদেরও মৌখিক পরীক্ষায় ডাকা হয়। শেষ পর্যন্ত ১৯০ জনকে ইসলামী ব্যাংকে নিয়োগ দেওয়া হয়, যাদের সবাই চট্টগ্রামের বাসিন্দা ছিলেন।
এই ব্যাচের ১৮৪ জন যোগদান করেন। বর্তমানে চাকরিতে আছেন মাত্র ৩১ জন। ২১ জন পদত্যাগ করেছেন, ১৩১ জন চাকরি হারিয়েছেন এবং একজন মারা গেছেন। তবে ২০১৭ সালের ১৪৪ জন এবং ২০২৪ সালের ২০০ প্রবেশনারি অফিসারের নিয়োগ যথাযথ প্রক্রিয়ায় হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের ২০০ জনের মধ্যে চট্টগ্রামের ছিলেন মাত্র ৩৬ জন।
মূল্যায়ন পরীক্ষায় ৪৬৮৫ জন ছাঁটাই
২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত নিয়োগে অনিয়মের তথ্য পাওয়ার পর ইসলামী ব্যাংকের পর্ষদ এসব কর্মীর যোগ্যতা যাচাইয়ের জন্য মূল্যায়ন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ওই পরীক্ষায় প্রাথমিকভাবে ৫ হাজার ৩৭৩ জনকে অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে ৪০২ জন পরীক্ষায় অংশ নেন এবং সবাই চাকরিতে বহাল আছেন। অন্যদিকে ৪ হাজার ৯৭১ জন পরীক্ষায় অংশ নেননি। পরে আরও ২৮৭ জনকে মূল্যায়ন প্রক্রিয়ায় যুক্ত করা হয়।
পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ৪ হাজার ৬৮৫ জনকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়। তাদের মধ্যে ৪ হাজার ৪৪০ জন চট্টগ্রামের বাসিন্দা। এছাড়া কক্সবাজারের ১৫৫, ঢাকার ১০ এবং অন্যান্য জেলার ৮০ জন রয়েছেন।
এর বাইরে বিভিন্ন অভিযোগে ১২১ জন, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নবায়ন না করে ১ হাজার ১৯০ জন এবং অন্যান্য কারণে ১৩৬ জনকে চাকরিচ্যুত করা হয়। বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় পাঁচ কর্মকর্তাকে।
বছরে সর্বোচ্চ নিয়োগ ২০১৯ সালে
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, ২০১৭ সালে ইসলামী ব্যাংকে ৩৬৭ জন নিয়োগ পান। ২০১৮ সালে এক হাজার ১১৮, ২০১৯ সালে দুই হাজার ৪৬৭, ২০২০ সালে দুই হাজার ১১০, ২০২১ সালে ৮৬৫ এবং ২০২২ সালে দুই হাজার ১১৯ জন নিয়োগ দেওয়া হয়। ২০২৩ সালে ৩৯৭ এবং ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এক হাজার ৩৯২ জন নিয়োগ পান। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকের নিজস্ব মানবসম্পদ নীতিমালার অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে অন্তত দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ এবং লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়ার কথা। লিখিত ও মৌখিক পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পাওয়ার শর্তও রয়েছে। তবে ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত নিয়োগের বড় একটি অংশে এসব প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন