প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির রামগড় সীমান্তে অংথেপ্রু মারমা (৬৬) নামের এক বাংলাদেশির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
অংথেপ্রু মারমা (৬৬) রামগড়ের সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার বাসিন্দা এবং বিডিআরের (বর্তমান বিজিবি) প্রাক্তন সদস্য হিসেবে পরিচিত।
স্থানীয় লোকজন ও তার স্বজনদের তথ্য অনুযায়ী, অংথেপ্রু মারমা শুক্রবার দুপুর ২টার দিকে গরুর ঘাস সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৯টায়ও তিনি বাড়ি না ফেরায় তার পরিবার খোঁজাখুঁজি শুরু করে।
তার ছেলে থৈ অংগ্য মারমা জানান, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করার পর সন্ধান না পাওয়ার কারণে রাত ১০টার দিকে স্থানীয় বিওপির বিজিবিকে খবর দেওয়া হয়। এরপর বিজিবিও তার খোঁজ নিতে শুরু করে।
থৈ অংগ্য আরও বলেন, শনিবার ভোরবেলা থেকে তারা গ্রামবাসীসহ নিখোঁজ বাবার সন্ধানে আবারো বের হন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফেনীরকূল এলাকায় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে ঘাসের বস্তাটি দেখতে পান। পরে আশপাশে খুঁজতে গিয়ে নদীর পানিতে ডুবন্ত অবস্থায় তার লাশটি পাওয়া যায়।
তিনি জানান, বাবার কপালে জখমের চিহ্ন রয়েছে এবং তখনও রক্তক্ষরণ হচ্ছিল।
এদিকে, লাশের সন্ধান পাওয়ার খবর পেয়ে বিজিবি ও পুলিশ ২২১৪/১৮ এস বিডি নম্বর সীমানা পিলার এলাকার ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়। এর আগেই স্বজনরা নদীর ওপার থেকে লাশ উদ্ধার করে এপারে নিয়ে আসেন। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরির পর সকাল ১০টার দিকে লাশ থানায় নিয়ে আসে।
রামগড় থানার ওসি মো. নাজির আলম জানান, নিহত অংথেপ্রু মারমার কপাল ও নাকের ওপর জখমের চিহ্ন রয়েছে। কীভাবে তার মৃত্যু হলো, তা ময়নাতদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।
তিনি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে এবং এখন ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন