প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
॥ মোফাজ্জেল হোসাইন ॥
বরিশাল, ২৩ নভেম্বর ২০২৬ : বরিশাল, যা খাল, পুকুর ও দিঘি দ্বারা বেষ্টিত একটি নগরী হিসেবে পরিচিত, বর্তমানে তার ঐতিহ্য হারাতে চলেছে। নগরীর জলাশয়গুলো দখল ও দূষণের কারণে বিলুপ্তির পথে রয়েছে।
পরিবেশবিদদের মতে, নগরীর বিভিন্ন জলাশয় ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃষ্টির পানি সংরক্ষণ, ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা এবং অগ্নিনির্বাপণের জন্য গুরুত্বপূর্ণ। তবে, সময়ের সাথে সাথে দখল, দূষণ এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে এসব জলাশয় হারিয়ে যাচ্ছে।
বরিশাল সিটি করপোরেশন সূত্রে জানা যায়, এক সময় নগরীতে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় দুই হাজার পুকুর ও দিঘি ছিল। বর্তমানে তার ৯০ শতাংশ ভরাট হয়ে গেছে। নগরীর ২৪টি খালের মধ্যে সাতটির অস্তিত্ব বিলীন হয়ে গেছে এবং ১৩টি মৃতপ্রায় অবস্থায় রয়েছে। বর্তমানে পানিপ্রবাহ রয়েছে মাত্র চারটিতে, ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। ভূগর্ভস্থ পানির স্তরও নিচে নেমে যাচ্ছে। এমনকি অগ্নিকাণ্ডের সময় পানি সংগ্রহ করতে গিয়ে ফায়ার সার্ভিসের জন্য সমস্যা সৃষ্টি হচ্ছে।
সূত্র জানায়, আশির দশকের আগে বরিশালে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় দুই হাজার পুকুর ও দিঘি ছিল। ২০১১ সালে প্রণীত বরিশাল সিটির মহাপরিকল্পনা অনুযায়ী, নগরীর সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের পুকুরের সংখ্যা ছিল ৪৩৬টি। বর্তমানে সেই সংখ্যা ২০০-এর নিচে নেমে এসেছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং অ্যাসোসিয়েশন অব ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এর একটি যৌথ জরিপে নগরীতে প্রায় দেড় হাজার ব্যক্তিমালিকানাধীন পুকুরের অস্তিত্ব পাওয়া গেছে। এর অধিকাংশই ভরাট করে বহুতল ভবন ও অন্যান্য স্থাপনা নির্মাণ করা হয়েছে।
নগরীর বিভিন্ন এলাকায় পুকুর ও জলাশয় ভরাটের অভিযোগ এখনো রয়েছে। ব্যক্তিমালিকানাধীন জলাশয়ের পাশাপাশি সরকারি ও ঐতিহ্যবাহী জলাশয়ও রেহাই পাচ্ছে না। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশে প্রায় ৮০ শতাংশ আয়তনের একটি জলাশয় ভরাটের চেষ্টা করা হয়। একই সড়কে হেমায়েত উদ্দিন ডায়াবেটিক হাসপাতালের পাশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মালিকানাধীন ৯০ দশমিক ৫০ শতাংশের আরেকটি জলাশয় ভরাট শুরু হলে পরিবেশ অধিদপ্তর তা বন্ধ করে দেয়। নগরীর নথুল্লাবাদে প্রায় তিন একরের একটি জলাধারের সিংহভাগ ভরাট করে প্লট তৈরি ও বিক্রির অভিযোগ রয়েছে।
পুকুর-দিঘির পাশাপাশি নগরীর খালগুলোও দখল ও দূষণের কারণে অস্তিত্ব হারাচ্ছে। বরিশাল নগরীতে খালগুলো একসময় পানি নিষ্কাশন ও নৌ-যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু অবৈধ দখল, স্থাপনা নির্মাণ এবং ময়লা-আবর্জনা ফেলার কারণে অধিকাংশ খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। খালের জায়গা দখল করে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা, ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে পড়েছে। পানির স্তর নিচে নেমে গেছে এবং সুপেয় পানির সংকট তৈরি হচ্ছে।
বরিশাল সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান বাসস প্রতিনিধিকে বলেন, জলাশয় হারিয়ে গেলে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের পানি সংগ্রহের উৎস থাকবে না। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হবে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হবে। নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃষ্টির পানি ধারণ, জলাবদ্ধতা নিরসন, ভূগর্ভস্থ পানির স্তর পূনর্ভরণ এবং অগ্নিনির্বাপণের জন্য পুকুর, দিঘি ও খাল অপরিহার্য।
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া বলেন, রিজার্ভ ট্যাংকের পানি দিয়ে আগুন নেভাতে গেলে অনেক সময় তা অপর্যাপ্ত হয়ে পড়ে। তখন ঘটনাস্থলের কাছাকাছি জলাশয় থেকে পানি সংগ্রহ করতে হয়। কিন্তু বরিশালে জলাশয় কমে যাওয়ায় প্রায়ই পানির সংকটে পড়তে হচ্ছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন বাসস’কে জানান, বরিশাল জেলায় একসময় বিপুলসংখ্যক পুকুর ও ডোবা ছিল। নগরায়ণের ফলে অধিকাংশই ভরাট হয়ে গেছে এবং উল্লেখযোগ্যসংখ্যক পুকুর, ডোবা ও খাল দখল হয়ে গেছে। বর্তমানে বরিশাল নগরীর অধিকাংশ খাল মৃতপ্রায়। ৪৬টি খালের মধ্যে মাত্র চারটিতে পানিপ্রবাহ রয়েছে এবং সেগুলোও ময়লা-আবর্জনায় ভরপুর। তিনি বলেন, বর্তমান সরকার খাল খননের পাশাপাশি পুকুর ও ডোবা রক্ষায় কাজ করছে। তবে জলাশয় রক্ষায় কার্যকর উদ্যোগ ও নিয়মিত তদারকি জরুরি।
পরিবেশ অধিদপ্তরের বরিশাল জেলা শাখার সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন জানান, পুকুর ও জলাশয় ভরাট ঠেকাতে নিয়মিত মামলা, ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন জানান, জলাশয় সংকট ও জলাবদ্ধতা নিরসনে সরকার একটি বড় প্রকল্প হাতে নিয়েছে। তিনি বলেন, ৭৩০ কোটি টাকা ব্যয়ে বরিশাল মহানগরীর ৩০টি খাল ও ১০টি পুকুর পুনঃখনন ও সংস্কার, ১৯টি ঘাটলা নির্মাণ এবং ৫৭ কিলোমিটার ড্রেন নির্মাণ ও পুনর্নির্মাণ করা হবে।
বিলকিস বলেন, বর্তমান সরকারের প্রতিশ্রুতির আলোকে দেশের বিভিন্ন সিটি করপোরেশন ও শহরাঞ্চলের উন্নয়নমূলক কাজ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বরিশাল মহানগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশ উন্নয়ন ও নান্দনিক নগর গড়ে তোলার লক্ষ্যে এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি জানান, গত ৪ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খালের পাড় সংরক্ষণসহ পুনরুদ্ধার ও পুনঃখনন প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বরিশাল মহানগরীর উন্নয়নে এ প্রকল্প অনুমোদনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বরিশাল জেলাকে নিজের জেলা মনে করতেন এবং তাঁর যোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়াও বরিশালের উন্নয়নে আন্তরিক ছিলেন। তাঁর হাত ধরেই বরিশাল বিভাগ, বরিশাল সিটি করপোরেশন ও বিমানবন্দর প্রতিষ্ঠাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছিল।
তিনি বলেন, জিয়া পরিবারের আরেক সুযোগ্য উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের উন্নয়নে তাঁর আন্তরিকতার স্বাক্ষর রেখেছেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন