প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অর্থনৈতিক অনিশ্চয়তা, অপ্রয়োজনীয় এক যুদ্ধ, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-এআইয়ের কারণে সামষ্টিক নিয়ন্ত্রণের অনুভূতি ভেঙে পড়ার ফলে আমেরিকা ইতিমধ্যেই অস্থির অবস্থায় ছিল। এর সাথে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয় যুক্ত হওয়ায় দেশটির জনগণের মধ্যে উদ্বেগ বেড়ে গেছে।
সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ দিনে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয় আমেরিকানদের দৈনন্দিন জীবনের পরিচিত ছকে আঘাত হেনেছে। এই বিপর্যয়গুলো অনলাইন যোগাযোগ, বিমান ভ্রমণ এবং ব্যাংকিংসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে প্রভাবিত করেছে। এমনকি জাতীয় নিরাপত্তা সংস্থার গোয়েন্দা নজরদারিতে ব্যবহৃত অত্যন্ত গোপনীয় কম্পিউটারগুলোও অচল হয়ে পড়েছে। সবার মুখে এখন একটাই প্রশ্ন: "হচ্ছে কী?" সবকিছু মিলিয়ে বিষয়টি কি খুব বেশি কাকতালীয় মনে হচ্ছে না?
প্রযুক্তির এই বিপর্যয়টি শুরু হয় গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) যখন মাইক্রোসফট আউটলুকের একটি আপডেট ক্র্যাশ করে এবং বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ ইমেইল সেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। শুক্রবার (১৩ নভেম্বর) ক্যাবল আপডেটের চেষ্টা চলাকালে পুরো নেটওয়ার্ক এলোমেলো হয়ে গেলে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-এফএএ দেশব্যাপী সব বিমান চলাচল বন্ধ করে দেয়। ৪ ঘণ্টা ২১ মিনিট ধরে সব ধরনের বিমান চলাচল বন্ধ থাকায় হাজার হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়, যার ফলে ১০ লাখেরও বেশি যাত্রী বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েন।
সোমবার (১৬ নভেম্বর) সফটওয়্যার বাগের শিকার হয় চেজ ব্যাংক। আর মঙ্গলবার (১৭ নভেম্বর) অচল হয়ে পড়ে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোয়েন্দা নজরদারিতে ব্যবহৃত অত্যন্ত গোপনীয় কম্পিউটারগুলো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন, "মানুষ ভীত, মানুষ অনিশ্চয়তার মধ্যে আছে।"
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) গোয়েন্দা, জাতীয় নিরাপত্তা ও প্রযুক্তি কর্মসূচির পরিচালক এমিলি হার্ডিং মঙ্গলবার সিএনএনকে বলেন, "যেখানে কোনো যোগসূত্র নেই, সেখানেও একটি নির্দিষ্ট প্যাটার্ন বা ছক খোঁজার প্রবণতা অবশ্যই মানুষের মধ্যে থাকে।" তিনি আরও যোগ করেন, "তবে একই সাথে আমি কাকতালীয় ঘটনায় ঠিক বিশ্বাস করি না। আর এখানে একই সময়ে অনেকগুলো ঘটনা একসাথে জমে উঠেছে।"
আইনপ্রণেতারাও তাদের নির্বাচনী এলাকার মানুষের মধ্যে এই অস্থিরতা অনুভব করেছেন। প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস বলেন, "এসব ঘটনা কেবল অবকাঠামোগত ত্রুটির কারণে ঘটছে, নাকি এর পেছনে কোনো অশুভ তৎপরতা রয়েছে, তা এখনো অস্পষ্ট।"
নিউ ইয়র্কের রিপাবলিকান প্রতিনিধি মাইক ললার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, "এর কিছু অংশ কাকতালীয় হতে পারে, তবে এটি স্পষ্ট যে আমাদের সাইবার নিরাপত্তা এবং এআই-এর অশুভ ব্যবহারকে গুরুত্বের সাথে নিতে হবে—এবং কোনো বিলম্ব ছাড়াই পদক্ষেপ নিতে হবে।" মিসৌরির সিনেটর জশ হাওলি বলেছেন, "এসব যদি নিছকই কাকতালীয় হয়, তবে এটি হবে বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় কাকতালীয় ঘটনা।"
স্বস্তির খবর হলো, সাম্প্রতিক এই ঘটনাগুলোর কোনোটিই কোনো শত্রুভাবাপন্ন শক্তি বা অপরাধী চক্রের সাইবার হামলার কারণে ঘটেছে; এমন কোনো প্রকাশ্য প্রমাণ নেই। গত পাঁচ দিনের ঘটনাপ্রবাহ এমন কিছু দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে, যা এক অস্থির ও সম্ভাব্য বিপজ্জনক নতুন প্রযুক্তিগত যুগে উত্তরণের এক বিভ্রান্তিকর মুহূর্তের কথা বলে।
এআই এবং অতি-দ্রুতগতির কম্পিউটিংয়ের শক্তি এমন এক জাতীয় অবকাঠামোকে নাড়িয়ে দেওয়ায় দৈনন্দিন জীবন হঠাৎ করেই অনেক বেশি ভঙ্গুর মনে হচ্ছে। ভয়টা হলো, সাম্প্রতিক প্রযুক্তিগত ব্যর্থতাগুলো যদি সাইবার হামলার কারণে না হয়ে থাকে, তবে সাইবার হামলা হতে আর কতক্ষণ? এই বিশৃঙ্খলা রাশিয়া ও চীনের নেতাদের মতো প্রতিপক্ষদের দেখিয়ে দিয়েছে যে তারা কত সহজে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিপর্যয় এবং রাজনৈতিক বিভেদ সৃষ্টি করতে পারেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সিনেটর মার্ক ওয়ার্নার বলেন, "এই ঘটনাগুলোর মূল কারণ আমাদের এখনো খুঁজে বের করতে হবে, তবে এখন পর্যন্ত পাওয়া প্রমাণগুলো কোনো অশুভ তৎপরতার বদলে আমাদের সিস্টেমগুলোকে সুরক্ষিত করার বৈধ প্রচেষ্টার দিকেই ইঙ্গিত করছে।"
অস্থির এই সময়ে আমেরিকানদের আশ্বস্ত করার মতো দক্ষতা বা এমনকি সদিচ্ছাও ট্রাম্প প্রশাসনের নেই। বিমান চলাচল, ব্যাংক এবং ইমেইল বিভ্রাট সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প বেশ হালকা মেজাজে উত্তর দেন। তিনি বলেন, "এটাই জীবন। আপনি যখন বড় এবং শক্তিশালী হবেন এবং আপনার কাছে অনেক টাকা থাকবে, তখন এমন কিছু ঘটতেই পারে। সব ঠিক আছে।" জনগণের উদ্বেগ বুঝতে হিমশিম খেতে খেতে প্রশাসন আবারও তাদের প্রিয় কৌশলে ফিরে গেছে—সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দোষারোপ করা। গত ১০ বছরের মধ্যে ছয় বছরই প্রেসিডেন্ট থাকা ট্রাম্প বলেন, "আমি এর কোনো দায় নিচ্ছি না।"
ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকানরাও এখন অস্থির হয়ে উঠছেন। ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর রিক স্কট এক্সে লিখেছেন, "আমেরিকান জনগণ মনে করছে যে তারা পুরো সত্যটা জানতে পারছে না। এর জন্য আপনি কাউকে দোষ দিতে পারেন না। আমি কংগ্রেসের একজন সদস্য, এবং আমার নিজেরও তেমনটাই মনে হচ্ছে!"
হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দেশে ফেরার পর আমেরিকান জনগণের উদ্দেশে স্পষ্ট বার্তা দেওয়ার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। ফক্স নিউজকে তিনি বলেন, "বেশ কিছুদিন ধরেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হোয়াইট হাউসের উচিত সরাসরি আমেরিকান জনগণের সাথে এ বিষয়ে কথা বলা।" অথচ ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিষয়টি স্পষ্ট করতে গিয়ে উল্টো আরো জটিল করে তুলেছেন। তিনি ফক্স নিউজের দর্শকদের বলেন যে তাদের বাংকার তৈরি করার কিংবা খাবার ও পানি মজুত করার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, "আমরা সামনে কোনো সংকট আসতে দেখছি না।" তবে পরক্ষণেই নিজের বক্তব্যকে গুলিয়ে ফেলে যোগ করেন, "তবে আপনাদের সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে।"
এই বিভ্রান্তি ট্রাম্পের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলারের জন্য একটি প্রাথমিক পরীক্ষা হয়ে দাঁড়াবে। কারণ, প্রেসিডেন্ট নিয়ন্ত্রণ হারিয়েছেন; এমন কোনো রাজনৈতিক আখ্যান একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে তা বদলানো অসম্ভব হয়ে পড়তে পারে।
সাম্প্রতিক দিনগুলোর ঘটনাপ্রবাহ ট্রাম্পের প্রথম মেয়াদে উন্মোচিত হওয়া একটি সত্যকে আবারও সামনে নিয়ে এসেছে: সংকট সামাল দেওয়ার মতো মানুষ প্রায়ই এই প্রেসিডেন্ট নন। ২০১৬ সালে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের ভাষণে ট্রাম্প বেশ দম্ভের সাথে প্রতিজ্ঞা করেছিলেন, "আমি একাই সব ঠিক করতে পারি।" কিন্তু বাস্তবে প্রায়ই এর উল্টোটা ঘটছে।
তার দ্বিতীয় মেয়াদের অত্যন্ত সুসংগঠিত শুরু এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার মতো দক্ষ অভিযানের পর মনে হয়েছিল পরিস্থিতি বুঝি বদলেছে। কিন্তু এরপর চলতি বছরেই সামনে এসেছে ইরান যুদ্ধ, চলমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সংকট এবং মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবি। আক্রমণাত্মক ভূমিকায় থাকা বিরোধী পক্ষের বিদ্রোহী নেতা হিসেবে ট্রাম্প সবসময়ই বেশি কার্যকর। কিন্তু যখন তিনি ক্ষমতায় থাকেন, তখন দেশের সমস্যাগুলোকে তার মূল আগ্রহের বিষয়গুলো থেকে মনোযোগ সরিয়ে দেওয়ার উপাদান বলে মনে হয়।
এয়ার ট্রাফিক কন্ট্রোল নেটওয়ার্ক কিভাবে ঠিক করবেন তা ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প এমন এক রূপক ব্যবহার করেছেন, যা শান্তি ফিরিয়ে আনার বদলে অস্থিরতা তৈরির রাজনৈতিক কৌশলকেই তুলে ধরে। ট্রাম্প বলেন, "আমরা মূলত এটিকে গুঁড়িয়ে দিয়ে নতুন কিছু বসাতে চাই, এবং আমরা খুব সামান্য ঝামেলা ছাড়াই—একই সাথে এটি করতে পারি।"
এটি এমন এক মুহূর্ত, যখন উদ্বিগ্ন নাগরিকদের সরকারের কাছ থেকে স্বচ্ছতা, সততা এবং ধারাবাহিকতা প্রয়োজন। এখন পর্যন্ত এর অভাবই দেখা যাচ্ছে, যা অন্য এক ধরনের প্রাতিষ্ঠানিক ব্যর্থতা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন