প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীতে একটি নার্সিং কোচিং সেন্টারের ব্যাংক হিসাব ব্যবহার করে পুলিশের এক নারী সার্জেন্টের ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। ২০২২ সালের ৩০ আগস্ট একদিনের মধ্যে এক্সিম ব্যাংকের মাধ্যমে এই অস্বাভাবিক লেনদেনটি সম্পন্ন হয়।
তবে এত বিপুল পরিমাণ অর্থের উৎস কী এবং কেনই বা তা কোচিং সেন্টারের হিসাব ঘুরে একজন পুলিশ সদস্যের কাছে গেল—এর কোনো স্পষ্ট ও সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি।
ব্যাংক সংক্রান্ত নথি থেকে জানা যায়, ‘নিউরন নার্সিং কোচিং সেন্টার’-এর নামে পরিচালিত ব্যাংক হিসাবে ২০২২ সালের ৩০ আগস্ট নগদ ৫০ লাখ টাকা জমা হয়। জমা হওয়ার পরপরই একই দিনে ওই হিসাব থেকে ৪৯ লাখ টাকা আরএমপির ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যক্তিগত হিসাবে স্থানান্তর করা হয়।
উক্ত কোচিং সেন্টারটির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সাবেক আহ্বায়ক। তবে লেনদেনের সময় তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে জানা গেছে।
টাকা স্থানান্তরের উদ্দেশ্য ও উৎস সম্পর্কে জানতে চাইলে সার্জেন্ট সাবিহা আক্তার কোনো স্পষ্ট জবাব দেননি। গত সোমবার (৯ নভেম্বর) ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আনোয়ার হোসেনের উপস্থিতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি উদ্ধত কণ্ঠে বলেন, ‘আমার অ্যাকাউন্টে ৫০ লাখ কেন, এক কোটি-দুই কোটি টাকাও ঢুকতে পারে। যিনি টাকা দিয়েছেন, তাকেই এ বিষয়ে জিজ্ঞেস করুন। আমি সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই।’
ঘটনার পরদিন মঙ্গলবার রাতে নগরের লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় সাইফুলের সঙ্গে সাবিহাকে গোপনে বৈঠক করতে দেখা যায়।
অন্যদিকে, কোচিং সেন্টারের মালিক সাইফুল ইসলাম জানান, ‘সার্জেন্ট সাবিহা অন্য একজনের কাছ থেকে টাকাটা নিয়েছিল। সরাসরি না নিয়ে ওই তৃতীয় ব্যক্তির নগদ টাকা আমার অ্যাকাউন্টে জমা দিয়ে সাবিহার হিসাবে পাঠাতে বলা হয়েছিল। আমি উপকার করতে গিয়ে এখন বিপদে পড়েছি।’
তবে সেই রহস্যময় ‘তৃতীয় ব্যক্তির’ পরিচয় বা কেনই বা এ প্রক্রিয়ায় টাকা পাঠানো হলো, তা স্পষ্ট করেননি সাইফুল।
একজন পুলিশ সদস্যের আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং সন্দেহজনক এই বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সুজনের রাজশাহী জেলা সভাপতি আহমেদ সফিউদ্দিন বলেন, ‘পুলিশের ট্রাফিক বিভাগে নানামুখী দুর্নীতির কথা সবার জানা। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যের অ্যাকাউন্টে এমন অস্বচ্ছ ও বিপুল অঙ্কের লেনদেনের পেছনে কী রয়েছে, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উন্মোচন করা অত্যন্ত জরুরি।’
তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, কোনো প্রশাসনিক অভিযোগ না এলে তারা নিজস্ব উদ্যোগে কারো ব্যক্তিগত ব্যাংক হিসাবের লেনদেন নিয়ে তদন্ত শুরু করেন না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন