প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্যালন ডি’অর বর্ষসেরা কোচের পুরস্কারের জন্য মনোনীত পাঁচজনের তালিকা প্রকাশিত হয়েছে। প্রত্যাশা অনুযায়ী, তালিকায় স্থান পেয়েছেন বিশ্বকাপজয়ী স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।
পুরস্কারের জন্য অন্যতম দাবিদার হিসেবে আছেন আর্সেনালের কোচ মিকেল আর্তেতা, যিনি দীর্ঘ অপেক্ষার পর প্রিমিয়ার লিগের শিরোপা এনে দিয়েছেন। এছাড়া, পিএসজিকে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জেতানো লুইস এনরিকে রয়েছেন মনোনীতদের মধ্যে।
মঙ্গলবার ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ ব্যালন ডি অরের সব বিভাগে মনোনীতদের নাম প্রকাশ করে। কোচদের তালিকায় দে লা ফুয়েন্তে, আর্তেতা ও এনরিকের পাশাপাশি আছেন অ্যাস্টন ভিলাকে ইউরোপা লিগ জেতানো উনাই এমেরি এবং বায়ার্ন মিউনিখকে বুন্ডেসলিগা ও জার্মান কাপ জেতানো ভিনসেন্ট কোম্পানি।
তবে এবারের প্রতিযোগিতায় মূল আকর্ষণ হতে পারে দে লা ফুয়েন্তে, আর্তেতা ও এনরিকের মধ্যে। বিশেষ করে জাতীয় দলের সাফল্যের কারণে দে লা ফুয়েন্তেকে কিছুটা এগিয়ে রাখা হচ্ছে।
দে লা ফুয়েন্তের অধীনে গত জুলাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপে স্পেন অপরাজিত চ্যাম্পিয়ন হয়। পুরো টুর্নামেন্টে দাপুটে ফুটবল খেলে তারা আট ম্যাচে মাত্র এক গোল হজম করে শিরোপা অর্জন করে। ফাইনালে স্পেনের আধিপত্য ছিল একতরফা। আর্জেন্টিনা পুরো ম্যাচে লক্ষ্যে কোনো শট নিতে পারেনি।
অন্যদিকে, দীর্ঘ ২২ বছর পর আর্সেনালকে প্রিমিয়ার লিগের শিরোপা এনে দিয়ে নিজের দাবিকে আরও শক্তিশালী করেছেন আর্তেতা। তার অধীনে আগের তিন মৌসুমে আর্সেনাল শিরোপার খুব কাছে গিয়েছিল, তবে শেষ মুহূর্তে ব্যর্থ হতে হয়েছিল। গত মৌসুমে সেই আক্ষেপ ঘুচিয়ে ম্যানচেস্টার সিটিকে পরিষ্কার ব্যবধানে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় গানাররা।
এছাড়া, প্রিমিয়ার লিগের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ কাপেও ফাইনালে উঠেছিল আর্সেনাল। তবে শেষ পর্যন্ত এই দুই প্রতিযোগিতায় শিরোপা জিততে পারেনি তারা।
এদিকে, পিএসজির ইউরোপসেরা হওয়ার অপেক্ষা ঘুচিয়েছেন এনরিকে। দুই বছর আগে চ্যাম্পিয়ন্স লিগ ছিল প্যারিসের ক্লাবটির বড় অপূর্ণতা। এনরিকে অধীনে সেই ট্রফি জয়ের পর এবার টানা দ্বিতীয়বার ইউরোপের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে পিএসজি।
শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয়, গত মৌসুমে ফরাসি লিগ আঁর শিরোপাও ধরে রেখেছে এনরিকের দল। ফলে ক্লাব ফুটবলে একাধিক সাফল্যই তাকে বর্ষসেরা কোচের পুরস্কারের অন্যতম দাবিদার করে তুলেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন