প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারত এবং বুলগেরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভেলিস্লাভা পেত্রোভা-চামোভা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে বাণিজ্য, যোগাযোগ, বিনিয়োগ, প্রযুক্তি, নিরাপত্তা, দক্ষ জনশক্তির চলাচল ও সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্পর্ক উন্নয়নের বিষয়েও আলোচনা করা হয়। এর আগে, শুক্রবার, বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে পেত্রোভা-চামোভা দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক এবং কোভিড-১৯ মহামারি থেকে প্রাপ্ত শিক্ষাসহ বিভিন্ন বিষয় উঠে আসে।
ভারতের কূটনৈতিক অবস্থানকে বুলগেরিয়া কীভাবে মূল্যায়ন করে? বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে দুই দেশের মধ্যে কোন বিষয়গুলোতে মিল রয়েছে? এ প্রশ্নের জবাবে, পররাষ্ট্রমন্ত্রী ভেলিস্লাভা পেত্রোভা-চামোভা বলেন, ভারতকে কৌশলগত স্বায়ত্তশাসন, ঐতিহাসিক সম্পর্ক এবং অর্থনৈতিক বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয় এবং বুলগেরিয়া বিষয়টি বুঝতে পারে।
তিনি আরও বলেন, ‘আমরা সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের ওপর ভারতের গুরুত্বারোপকে ইতিবাচকভাবে দেখি। একই সঙ্গে, শান্তিপূর্ণ সমাধান খুঁজতে বিভিন্ন দেশের সঙ্গে ভারতের যোগাযোগ ও আলোচনার উদ্যোগকেও আমরা মূল্যায়ন করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘এটি যুদ্ধের যুগ নয়’, এই মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধের কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। পাশাপাশি খাদ্য, জ্বালানি ও বাণিজ্যব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি হয়েছে, তার প্রভাব ইউরোপের বাইরেও ছড়িয়ে পড়েছে।’
ভেলিস্লাভা বলেন, ‘এ বিষয়ে বুলগেরিয়ার অবস্থান স্পষ্ট। আমরা যুদ্ধ ও সংঘাতের অবসান চাই। ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে দেশটির ভৌগোলিক অখণ্ডতা বজায় রেখে একটি ন্যায়সংগত ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পক্ষে আমরা। যেকোনো স্থায়ী শান্তিচুক্তিতে ইউক্রেনের অংশগ্রহণ থাকতে হবে এবং তা জাতিসংঘের সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।’
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে সংক্রামক রোগ বিষয়ে পিএইচডি করা পেত্রোভা-চামোভা জাতিসংঘের জনস্বাস্থ্যবিষয়ক কার্যক্রমেও যুক্ত ছিলেন।
ভারত-বুলগেরিয়া সম্পর্ক নিয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে সব সময়ই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কখনো বড় ধরনের তিক্ততা বা অস্থিরতা তৈরি হয়নি। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্কের গতি কিছুটা কমেছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার পর গত ২০ বছরে বুলগেরিয়ার মনোযোগ মূলত ইইউভুক্ত দেশগুলো ও বৃহত্তর ইউরোপের দিকে ছিল।
বর্তমানে পরিস্থিতি বদলেছে। বুলগেরিয়ায় এখন রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে। একই সঙ্গে, ভারতও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হয়ে উঠেছে। বুলগেরিয়া ও দেশটির সরকার নিজেদের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগাতে বিশেষভাবে আগ্রহী। কারণ দেশটি এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত, যেখান থেকে ইউরোপের সঙ্গে এশিয়া এবং উপসাগরীয় অঞ্চলের যোগাযোগ স্থাপন করা সম্ভব। অর্থাৎ, এটি বিভিন্ন আন্তর্জাতিক যোগাযোগ করিডোরের মিলনস্থল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বুলগেরিয়ার দীর্ঘদিনের অংশীদারত্ব থাকলেও শুল্কসংক্রান্ত কিছু বিষয় নিয়ে মাঝেমধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে। আমরা বুঝতে পারছি, বিশ্বব্যবস্থা ক্রমেই বহুমুখী হয়ে উঠছে। তাই নিজেদের অর্থনীতির উন্নয়ন এবং নাগরিকদের জীবনযাত্রার মান বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করা প্রয়োজন।
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ক্ষেত্রে বিষয়টি বিবেচনায় রাখতে হবে যে, বুলগেরিয়া ইউরোপীয় বাজারের অংশ। তাই দেশটিতে বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
দুই দেশের মধ্যে একসময় অত্যন্ত গভীর দ্বিপক্ষীয় সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কিছু নিদর্শন এখনো রয়ে গেছে। বুলগেরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো অনেক শিক্ষার্থী ভারতবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহ ও প্রতিশ্রুতি এখনো অটুট রয়েছে।
এ বছর ড. এস জয়শঙ্করের সঙ্গে এটি আমার দ্বিতীয় সাক্ষাৎ। গত তিন মাসের মধ্যে আমরা দুবার বৈঠক করেছি। এটি স্পষ্ট করে যে, দুই পক্ষই ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন