প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, রাজশাহী শহরের কেন্দ্রে অবস্থিত রামেক ছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় একটি নিরাপদ ‘ক্যান্টনমেন্ট’। তিনি এই কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী মেডিকেল কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায়, যা অনুষ্ঠিত হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) অডিটোরিয়ামে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে।
আশির দশকে এরশাদ বিরোধী আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে রিজভী জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় তিনি গুরুতরভাবে গুলিবিদ্ধ হন। একই ঘটনায় তাঁর রাজনৈতিক সতীর্থ জাসদ নেতা সাজান সিরাজ ঘটনাস্থলেই প্রাণ হারান। গুলিবিদ্ধ অবস্থায় রুহুল কবির রিজভীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তিনি উল্লেখ করেন, রাজশাহী মেডিকেল কলেজের তৎকালীন জ্যেষ্ঠ চিকিৎসক ও শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টার কারণে তিনি নতুন জীবন ফিরে পান। বিশেষ করে তিনি তৎকালীন প্রখ্যাত চিকিৎসক ডা. কায়সার রহমান চৌধুরী, ডা. গোলাম মাওলা চৌধুরী এবং ডা. সানার সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাছাড়া, তৎকালীন ইন্টার্ন চিকিৎসক লিটন ভাই, সাজ্জাদ ভাই ও সাহাব ভাইয়ের মতো চিকিৎসকদের সেবা ও সাহচর্য তাঁকে সুস্থ করে তোলে। চিকিৎসা প্রদানকারী শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, আজও তিনি সুযোগ পেলে তাঁদের পা ধরে সালাম করেন।
রিজভী আরও বলেন, রাজশাহী মেডিকেল কলেজ কেবল চিকিৎসার কেন্দ্র ছিল না, বরং এটি ছিল তৎকালীন রাজশাহী অঞ্চলের রাজনৈতিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল। শহরের কেন্দ্রে অবস্থিত হওয়ার কারণে আন্দোলনের সময় রাজনৈতিক নেতাকর্মীরা এই হাসপাতাল ও কলেজ প্রাঙ্গণকে নিরাপদ আশ্রয় বা ‘ক্যান্টনমেন্ট’ হিসেবে ব্যবহার করতেন।
আহত হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার কথা স্মরণ করে তিনি জানান, নানা শারীরিক জটিলতার কারণে পরবর্তীতে তাঁকে বারবার এই হাসপাতালে রোগী হিসেবে আসতে হয়েছে। আবার ছাত্রনেতা হিসেবে আন্দোলন-সংগ্রামের সাংগঠনিক দায়িত্ব পালনের জন্য এই ক্যাম্পাসই ছিল তাঁর মূল ভিত্তি।
তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক দিনগুলোর ত্যাগ ও শহীদদের অবদান স্মরণ করে বলেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা খালিদ ভাই ছাত্রদলের প্রথম শহীদ ছিলেন। রাজশাহী মেডিকেল কলেজ থেকেই উঠে এসেছিলেন ডা. বাইরুল হাসান পিকু (পিংকু), যিনি ১৯৮০ সালে শহীদ হন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের দ্বিতীয় শহীদের মর্যাদা লাভ করেন। তাঁদের এই আত্মত্যাগ বহুদলীয় গণতন্ত্র রক্ষার আন্দোলনে ছাত্রদলকে সুদৃঢ় ভিত্তি প্রদান করেছিল বলে তিনি ব্যক্ত করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী মেডিকেল কলেজ শাখার সভাপতি আমরি মীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রিপন আলীর সঞ্চালনায় সভায় চিকিৎসক নেতৃবৃন্দের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা ও রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি ডা. মোফাখখারুল ইসলাম এবং রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন