প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার কলমাকান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এক নারীসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার করিকাকান্দি ও বড়খাপন গ্রামে এ অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন কলমাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুজ্জামান আসিফ।
দণ্ডপ্রাপ্তরা হলেন করিকাকান্দি গ্রামের ফেনেশ দাসের ছেলে দিনেশ চন্দ্র দাস (৪০), বড়খাপন গ্রামের ফরেন্দ্র চন্দ্র দাসের ছেলে পূজন চন্দ্র দাস (২৪) এবং একই গ্রামের মিলন মিয়ার মেয়ে ময়না আক্তার (২২)।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা কার্যালয়ের একটি দল ওই দুই গ্রামে অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় দিনেশ চন্দ্র দাস ও পূজন চন্দ্র দাসকে আটক করা হয়। অন্যদিকে, অভিযান চলাকালে সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে ময়না আক্তারকে আটক করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুজ্জামান আসিফ দিনেশ চন্দ্র দাস ও পূজন চন্দ্র দাসকে মাদক সেবনের দায়ে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। এ ছাড়া সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে ময়না আক্তারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত তিনজনকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন