প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও, ক্যান্সার বায়োলজিসহ আধুনিক চিকিৎসাবিজ্ঞানের প্রসারের জন্য একটি ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’ স্থাপন করা হবে।
তিনি শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীতে অনুষ্ঠিত ‘ষষ্ঠ বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সার কনফারেন্স ২০২৬ (বিবিসি২৬)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান। বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যান্সার স্টাডি (বিএসবিসিএস) এই সম্মেলনের আয়োজন করেছে।
এম এ মুহিত আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং দক্ষ জনবল তৈরির বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, "বিশ্বব্যাপী ক্যান্সার চিকিৎসায় মলিকিউলার বায়োলজি টেকনিকের ব্যবহার বড় পরিবর্তন আনছে।" তিনি জানান, সরকার জাতীয় পর্যায়ে একটি ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এবং ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে।
এছাড়াও, ক্যান্সার ইনস্টিটিউটগুলোতে আধুনিক যন্ত্রপাতি কেনার পাশাপাশি দেশ-বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে নতুন ক্যান্সার বিশেষজ্ঞ ও দক্ষ জনবল গড়ে তোলার কার্যক্রম চলছে বলেও তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের গুরুত্বের ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, "বাংলাদেশে প্রতি বছর অনেক নারী স্তন ক্যান্সারের কারণে মৃত্যুবরণ করছেন।" গবেষণায় দেখা গেছে, অধিকাংশ রোগীই ক্যান্সারের অ্যাডভান্সড পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হন। যত দেরিতে রোগ শনাক্ত হয়, জটিলতা ও শরীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি তত বাড়ে।
তিনি আরও বলেন, "অথচ ক্যান্সার এখন আর মরণব্যাধি নয়, বিশেষ করে স্তন ক্যান্সার একেবারে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে সঠিক চিকিৎসা দেওয়া গেলে মৃত্যুর হার খুবই কম এবং রোগী দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারেন।"
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, স্তন ক্যান্সার দ্রুত শনাক্ত করতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং নির্দিষ্ট বয়সী নারীদের জন্য সুনির্দিষ্ট স্ক্রিনিং প্রোগ্রাম চালু করতে হবে। সঠিক পদ্ধতিতে স্ক্রিনিং করা গেলে রোগের ঝুঁকি বা লক্ষণ একদম শুরুর পর্যায়েই ধরা সম্ভব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন