প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে। দলের নেতারা দাবি করেছেন, বৃহস্পতিবার ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন এবং গাড়িচালক হাসান নিরাপদ স্থানে ফিরে এসেছেন। আওয়ামী লীগকে এ ঘটনার জন্য দায়ী করা হলেও পুলিশের পক্ষ থেকে বিষয়টি যাচাই করার কথা জানানো হয়েছে।
ভুক্তভোগী বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন জানিয়েছেন, তিনি একটি প্রাইভেটকারে করে ঢাকা থেকে বাগেরহাটে ফিরছিলেন। পথে বিভিন্ন স্থানে সড়কের ওপর গাছ ফেলে রাখা হয়েছিল। নানা বাধা অতিক্রম করে ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে অস্ত্রধারী একটি দল তাদের গাড়ি আটকায়। একপর্যায়ে তারা গাড়ি ভাঙচুর করে এবং তাদের মারধর করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।
মঈন উদ্দিন আহমেদ ময়েনের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা তাদের মুঠোফোন ও মানিব্যাগ তল্লাশি করে। একপর্যায়ে তাকে এবং গাড়িচালক হাসানকে ছেড়ে দিলেও মনিরুল হক ফরাজির ফোনে দলীয় কার্যক্রমের ছবি দেখে হামলাকারীরা তাকে তুলে নিয়ে যায়। পরে গাড়িটি ঘটনাস্থলেই রেখে তারা কোনোমতে প্রাণ নিয়ে সরে আসেন।
মঈন উদ্দিন আরও জানান, অনেক কষ্টে তিনি মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন। বিষয়টি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানানো হয়েছে। মনিরুল হক ফরাজিকে উদ্ধারে দলীয়ভাবে খোঁজ চালানো হচ্ছে। একটি সূত্রের বরাত দিয়ে তিনি জানান, পরিত্যক্ত অবস্থায় গাড়িটি একটি সড়কের পাশে পাওয়া গেছে, তবে এখনো তারা সেখানে পৌঁছাতে পারেননি।
এ বিষয়ে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, ‘শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনের মাধ্যমে আমরা মনিরুল হক ফরাজির অপহরণের খবর পেয়েছি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে এবং সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।’ তিনি এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন।
তবে এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, ‘মনিরুল হকের বিষয়টি আপনাদের মাধ্যমেই শুনেছি। আমরা খোঁজখবর নিচ্ছি।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন