প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রে বিমান ছিনতাইয়ের হুমকি দিয়ে বার্তা পাঠানোর অভিযোগে পুলিশ ২৫ বছর বয়সী এক যাত্রীকে গ্রেপ্তার করেছে। ওই যাত্রীর পাঠানো বার্তায় বিমান ছিনতাই এবং নির্দিষ্ট আসনের সারিতে আঘাত করার হুমকির বিষয়টি উঠে এসেছে। এই ঘটনার কারণে ইউনাইটেড এয়ারলাইনসের একটি বিমান মাঝআকাশ থেকে ফিরে যেতে বাধ্য হয়।
অভিযুক্তের নাম দান্তে মিলনে। আদালতে জমা দেওয়া অভিযোগপত্র অনুযায়ী, তিনি নিজের মুঠোফোনে লিখেছিলেন, তিনি বিমানটি ছিনতাই করবেন এবং একটি নির্দিষ্ট আসনের সারিতে আঘাত করবেন। তবে অভিযোগপত্রে উল্লেখ করা হয়নি কীভাবে বার্তাটি পাঠানো হয়েছিল কিংবা কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল।
ঘটনার পর মিলনেকে লাস ভেগাসের ক্লার্ক কাউন্টি আটককেন্দ্রে নেওয়া হয়। সন্ত্রাসী কর্মকাণ্ডের হুমকি দেওয়া বা এ-সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে গুরুতর অপরাধের মামলা দায়ের করা হয়েছে। আদালতের নথি অনুযায়ী, পরে ১০ হাজার ডলারের মুচলেকায় তিনি মুক্তি পান। মঙ্গলবার (২৭ অক্টোবর) আদালতে হাজির হওয়ার কথা রয়েছে তার।
ঘটনাটি ঘটে শনিবার (২৪ অক্টোবর) রাতে। লাস ভেগাসের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ জার্সির নেওয়ার্কগামী ইউনাইটেড এয়ারলাইনসের ১৬৮১ নম্বর ফ্লাইটে ১৫০ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। বিমানটি বোয়িং ৭৩৭ মডেলের ছিল।
উড্ডয়নের কিছুক্ষণ পর এক বিমানবালা মিলনেকে বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার কথা লিখতে দেখেন। নিরাপত্তা বিধি মেনে তিনি সরাসরি ওই যাত্রীর মুখোমুখি না হয়ে দ্রুত পাইলটকে খবর দেন। এরপর পাইলট ককপিটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন এবং লাস ভেগাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
বিমান চলাচল নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে পাইলটের কথোপকথনের রেকর্ডিংয়ে ঘটনার বিবরণ পাওয়া গেছে। পাইলট জানান, বিমানবালা ওই যাত্রীর বার্তা দেখে ছিনতাইয়ের হুমকির কথা জানান। এরপর তারা নিরাপত্তা ব্যবস্থা চালু করে ফিরে আসেন।
নিয়ন্ত্রণকক্ষ থেকে জানতে চাওয়া হলে সন্দেহভাজন যাত্রীকে আটকানো হয়েছে কি না, পাইলট জানান, তাকে বেঁধে রাখা হয়নি। কারণ, ক্রুরা যে তার বার্তা দেখেছেন, তা তিনি জানতেন না।
বিমানের গতিপথের তথ্য অনুযায়ী, এটি এক ঘণ্টারও কম সময় আকাশে ছিল। স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটের দিকে বিমানটি নিরাপদে লাস ভেগাসের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে লাস ভেগাস মহানগর পুলিশের সদস্যরা অপেক্ষা করছিলেন। তারা কোনো বাধা ছাড়াই মিলনেকে আটক করেন।
পরে সব যাত্রীকে বিমান থেকে নামানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বোয়িং ৭৩৭ বিমানটিতে বিস্তারিত তল্লাশি চালায়। এ ঘটনায় কেউ আহত হননি।
তবে বিমানটির গতিপথ পরিবর্তনের কারণে পাইলট ও ক্রুদের নির্ধারিত কর্মঘণ্টা শেষ হয়ে যায়। ফলে বাকি ১৪৯ যাত্রীকে লাস ভেগাসে রাত কাটাতে হয়। রোববার (২৫ অক্টোবর) সকালে নতুন সময়সূচি অনুযায়ী তাদের নেওয়ার্কের উদ্দেশে যাত্রা করার কথা ছিল।
নেভাডা অঙ্গরাজ্যের আইন অনুযায়ী, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে হুমকি দেওয়া বা মিথ্যা তথ্য ছড়ানোর অপরাধে দোষী সাব্যস্ত হলে এক থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান চলাচল প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বাণিজ্যিক বিমানে যাত্রীদের অসদাচরণের এক হাজার ৪০০টির বেশি ঘটনা নথিভুক্ত করা হয়েছে।
সূত্র: নিউইয়র্ক পোস্ট
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন