প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকারি তথ্য-উপাত্ত, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) এবং ডিজিটাল সেবা সুরক্ষার জন্য প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রাতিষ্ঠানিক সমন্বয়, দক্ষ জনবল এবং কার্যকর নীতিমালা তৈরির ওপর গুরুত্ব আরোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
মন্ত্রী উল্লেখ করেছেন, সরকারের কার্যক্রমকে নিরাপদ, নিরবচ্ছিন্ন ও জনবান্ধব রাখার জন্য সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘সাইবারসিকিউরিটি অ্যান্ড ডেটা প্রোটেকশন’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল ‘সাইবারসিকিউরিটি ফর রেজিলিয়েন্ট ডিজিটাল গভর্নমেন্ট: স্ট্র্যাটেজিক অ্যাওয়ারনেস ফর পলিসি-মেকার্স, সিনিয়র সিভিল সার্ভেন্টস অ্যান্ড ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার (সিআইআই) লিডার্স’।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং ‘এক নাগরিক-এক পরিচয়-এক ওয়ালেট’—এসব এখন ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। যদিও এতে সুযোগ বৃদ্ধি পাচ্ছে, তবে সাইবার হুমকিও বৃদ্ধি পাচ্ছে।
সাইবার নিরাপত্তার ক্ষেত্রে তিনটি অগ্রাধিকার তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর নকশা এবং প্রযুক্তি ব্যবস্থার শুরু থেকেই সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নিরাপত্তাকে পরে যুক্ত করার বিষয় হিসেবে নয়, বরং অবকাঠামো উন্নয়নের মৌলিক অংশ হিসেবে বিবেচনা করতে হবে।
মন্ত্রী জানান, নাগরিকের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য সুরক্ষা ডিজিটাল রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান শর্ত। এজন্য কার্যকর তথ্য সুরক্ষা কাঠামো প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি ডিজিটাল সেবার প্রতি জনগণের আস্থা তৈরি করতে হবে।
সাইবার নিরাপত্তাকে প্রাতিষ্ঠানিক পরিকল্পনা, নীতিনির্ধারণ ও বাজেটের অবিচ্ছেদ্য অংশ করার ওপরও গুরুত্ব দেন তিনি। দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর নেতৃত্ব নিশ্চিত করার কথাও বলেন।
মন্ত্রী বলেন, “আমরা প্রতিক্রিয়াশীল মনোভাব থেকে বেরিয়ে এসে প্রতিরোধমূলক সাইবার সংস্কৃতি গড়ে তুলতে চাই। এস্তোনিয়ার অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে যাব।”
সেমিনারের সুপারিশ বাস্তবায়নের জন্য জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সিকে একটি স্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভৌগোলিক সীমানার মতোই ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা এখন অপরিহার্য। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামোগত প্রস্তুতি, নাগরিকের তথ্যের শতভাগ সুরক্ষা এবং তরুণ প্রজন্মের মেধার যথাযথ বিকাশ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ার সঙ্গে সাইবার ঝুঁকিও বাড়ছে। সাইবার অপরাধীদের মোকাবেলায় একই গতিতে এবং আধুনিক প্রযুক্তি নিয়ে প্রস্তুত হতে হবে। প্রয়োজনীয় প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের মেধা কাজে লাগানোর পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নাহিদ সুলতানা মল্লিক। এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমির প্রতিনিধি ইনগ্রিড টুনিকুর্গ সূচনা বক্তব্য দেন। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
সেমিনারে জাতীয় সাইবার নিরাপত্তা কৌশল, বাংলাদেশের সাইবার ঝুঁকি, সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ও সার্ট/সিএসআইআরটির কার্যক্রম, সরকারি নেটওয়ার্ক সুরক্ষা, সাইবার হামলা মোকাবেলা, দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে আলোচনা হচ্ছে।
দুই দিনব্যাপী এই আয়োজনে এস্তোনিয়ার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা আন্তর্জাতিক অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞান তুলে ধরবেন। পাশাপাশি সাইবার নিরাপত্তা তদারকি, সাইবার কূটনীতি, ভুল ও বিভ্রান্তিকর তথ্য মোকাবেলা এবং বাংলাদেশের সাইবার স্থিতিশীলতা জোরদারে করণীয় নিয়ে আলোচনা হবে।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘ই-ফেক্টিভ গভর্ন্যান্স: অ্যাকসেলারেটিং ই-গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল পাবলিক সার্ভিসেস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এই সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে দেশি-বিদেশি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন